মন্ত্রিসভায় রদবদল স্বাভাবিক বিষয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংসদীয় গণতন্ত্রে মন্ত্রিসভায় রদবদল একটি স্বাভাবিক বিষয় এবং যেকোনো সময় তা করা হতে পারে।
প্রধানমন্ত্রী গত শনিবার সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে দলের নেতা-কর্মী, পেশাজীবী, বিচারক, বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। খবর বাসসের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মন্ত্রী পদে পরিবর্তন বিষয়ে তিনি এ মন্তব্য করেন। ৯ জুলাই এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয় থেকে সরিয়ে আশরাফকে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়েছিল এবং এক সপ্তাহের ব্যবধানে তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
সৈয়দ আশরাফের দপ্তর পরিবর্তনের বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘যেকোনো সময় মন্ত্রিসভায় রদবদল হতে পারে। মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন সরকারপ্রধানের এখতিয়ার। আমরা সময়ে সময়ে এ ধরনের পরিবর্তন আনতে পারি।’ তিনি উল্লেখ করেন, মন্ত্রিসভায় রদবদল এর কর্মকাণ্ডে গতিশীলতা সঞ্চার করেছে এবং জনগণ বিষয়টিতে আগ্রহ দেখিয়েছে। এটি একটি সাধারণ বিষয়। সব দেশেই সব সময় এমনটি ঘটে। এ বিষয়ে কোনো বিরূপ মন্তব্য করার সুযোগ নেই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, জনগণ সরকারের সঙ্গে থাকলে কেউই দেশের কোনো ক্ষতি করতে পারবে না। তিনি বলেন, বিএনপি-জামায়াত তাদের ৯৩ দিনের হরতাল-অবরোধে সর্বশক্তি নিয়োগ করেছিল। এটা সত্য যে তারা দেশের ক্ষতি করেছে। তবে দেশকে পেছনের দিকে ঠেলে দেওয়ার মতো কোনো রকম ক্ষতি তারা করতে পারেনি।
গণভবনের গেট গতকাল সকাল সাড়ে নয়টায় সবার জন্য খুলে দেওয়া হয়। ঈদের নামাজ আদায় করার পরপরই সর্বস্তরের লোকজন আসতে শুরু করেন। তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করেন।
প্রথমে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা ও মন্ত্রিপরিষদের সদস্যরা ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। পরে প্রধানমন্ত্রী তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা হোসেন পুতুল, দলের জ্যেষ্ঠ নেতারা এবং কেবিনেট সদস্যদের নিয়ে জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, তিন বাহিনীর প্রধানগণ, বিভিন্ন মুসলিম দেশ, আমেরিকা, ইউরোপ ও সার্ক দেশসমূহের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা অনুষ্ঠানে যোগ দেন।
রেলমন্ত্রীর জন্য দোয়া কামনা: অসুস্থ রেলমন্ত্রী মুজিবুল হকের জন্য সবার দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় রেলমন্ত্রীর অসুস্থতার কথা জানিয়ে তাঁর জন্য দোয়া চান তিনি। প্রধানমন্ত্রী বলেন, রেলে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রচুর পরিশ্রম করে অসুস্থ হয়ে পড়েছেন মন্ত্রী। রেলমন্ত্রী বর্তমানে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন।