মন্ত্রিসভায় শিপিং করপোরেশন আইনের খসড়া অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও গতিশীল ও সময়োপযোগী করার লক্ষ্যে বাংলাদেশ শিপিং করপোরেশন আইন-২০১৬-এর খসড়া নীতিগত অনুমোদন করেছে মন্ত্রিসভা। গতকাল সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে বলেন, ১৯৭০ সালে রাষ্ট্রপতির আদেশে শিপিং করপোরেশন প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে বেসামরিক ও সামরিক শাসনামলে এই আদেশে বেশ কিছু সংশোধনী আনা হয়। এখন বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই মূল ইংরেজি আইনটি বাংলায় অনুবাদ করা হয়েছে।
চট্টগ্রামে শিপিং করপোরেশনের প্রধান কার্যালয় রাখা হলেও সরকারের অনুমতি নিয়ে ঢাকা বা অন্য জায়গায় শাখা করা যাবে বলেও আইনে উল্লেখ রয়েছে। জাহাজ বা নৌযান অর্জন, ভাড়া করা, ভাড়া দেওয়া, দখলে রাখা, হস্তান্তর করা, দেশের অভ্যন্তরে বা বাইরে করপোরেশনের কার্যপরিধির অন্তর্ভুক্ত ব্যবসায়িক লেনদেনসহ যেকোনো কাজে নিয়োজিত করা, জাহাজ নির্মাণ বা সংযোজন করা, জাহাজ ব্যবস্থাপনায় দেশ-বিদেশে বন্দরে শিপিং এজেন্ট নিয়োগ, ব্যাংক হিসাব খোলাসহ করপোরেশনের ১২টি কাজ পরিচালনার কথা বলা হয়েছে আইনে।
৭ থেকে ১৩ জন নিয়ে একটি পরিচালনা পর্ষদের কথা বলা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব বলেন, যার প্রধান হবেন নৌপরিবহনমন্ত্রী। আর সদস্য হিসেবে থাকবেন নৌপরিবহনসচিব, অর্থ বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মর্যাদার কর্মকর্তা, করপোরেশনের এমডি, নির্বাহী পরিচালক (অর্থ), নির্বাহী পরিচালক (প্রযুক্তি) ও নির্বাহী পরিচালক (বাণিজ্যিক)। এর প্রধান নির্বাহী হবেন এমডি। শিপিং করপোরেশনের ৫১ শতাংশ শেয়ার সরকারের এবং ৪৯ শতাংশ বাইরে থাকবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব। আর অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হবে ৩৫০ কোটি টাকা।
গতকালের বৈঠকে এ বছরের মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্তের দ্বিতীয় ত্রৈমাসিক প্রতিবেদন (এপ্রিল-জুন) পর্যালোচনা করা হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই সময়ে মোট ৯২টি সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। এর মধ্যে ৬৫টির বাস্তবায়ন হয়েছে।