মন্ত্রিসভায় 'বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আইন'-এর খসড়া অনুমোদন

আধুনিক ও সময়োপযোগী কৃষি গবেষণার লক্ষ্যে ‘বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) আইন-২০১৬’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, কুয়েত ও বাহরাইনের সঙ্গে দুটি চুক্তি অনুমোদনের পৃথক প্রস্তাবেরও অনুমোদন করেছে মন্ত্রিসভা।
এই দুই চুক্তি হলো বিনিয়োগের পারস্পরিক সুরক্ষা ও সম্প্রসারণের জন্য বাংলাদেশ সরকার ও কুয়েত সরকারের মধ্যে চুক্তি এবং বাংলাদেশ সরকার ও বাহরাইন সরকারের মধ্যে বিনিয়োগের পারস্পরিক সুরক্ষা ও সম্প্রসারণ চুক্তি।
এ ছাড়া নৌপরিবহনমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদলের গত ৪-৬ ফেব্রুয়ারি নর্থ পোর্ট ও মালাক্কা এলএনজি টার্মিনাল পরিদর্শনের কথা বৈঠকে অবহিত করা হয়। ‘বিশ্বমানের একটি বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর স্থাপনের জন্য গবেষণা প্রকল্প’—এর আওতায় বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর নেতৃত্বাধীন একটি দলের জার্মানি ও কোরিয়া সফরের কথাও বৈঠকে তুলে ধরা হয়।