মন্ত্রী আসছেন, তাই কেরানীগঞ্জে তড়িঘড়ি করে সড়ক মেরামত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্ত্রী আসবেন, তাই ভাঙাচোরা ঢাকা-নবাবগঞ্জ সড়কের বিভিন্ন অংশে গতকাল বালু ও ইটের খোয়া ফেলা হয়। ছবিটি বন্দ ডাকপাড়া এলাকা থেকে তোলা ষ ছবি: প্রথম আলো
মন্ত্রী আসবেন, তাই ভাঙাচোরা ঢাকা-নবাবগঞ্জ সড়কের বিভিন্ন অংশে গতকাল বালু ও ইটের খোয়া ফেলা হয়। ছবিটি বন্দ ডাকপাড়া এলাকা থেকে তোলা ষ ছবি: প্রথম আলো

যোগাযোগমন্ত্রী কেরানীগঞ্জে ঢাকা-নবাবগঞ্জ সড়কের বেহাল অবস্থা পরিদর্শনে আসছেন—এমন খবরে ঢাকা বিভাগীয় সড়ক ও জনপথের (সওজ) কর্মকর্তা-কর্মচারীরা গতকাল মঙ্গলবার ভোর থেকে বন্দ ডাকপাড়া ও মনু ব্যাপারীর ঢাল এলাকার সড়কের সংস্কার শুরু করেন। বন্দ ডাকপাড়া এলাকার মোনা ট্রেড সেন্টারের পাশের সড়কটির খানাখন্দ অংশে বালু ও ইটের খোয়া ফেলা হয়।
এদিকে গতকাল কেরানীগঞ্জে সড়ক পরিদর্শনে গিয়ে সড়কের বেহাল অবস্থা দেখে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সওজের কর্মকর্তাদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন।
ঘটনার একজন প্রত্যক্ষদর্শী রুহিতপুর গ্রামের বাসিন্দা বশির মিয়া বলেন, ‘যোগাযোগমন্ত্রী আইতাছে, তাই এহন ভাঙ্গা রাস্তা মেকাব দিয়া সাজাইতাছে। এর আগে রাস্তাটা কেউ ঠিক করতে আহে নাই।’ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঈদের আগে যোগাযোগমন্ত্রীর আসার খবরে সওজের লোকজন রাস্তাটি সংস্কারের কাজ শুরু করেন এবং রাস্তার জলাবদ্ধতা দূর করতে দমকলকর্মীদের দিয়ে পানি সরানো হয়। তবে মন্ত্রী চলে যাওয়ার পরপরই সংস্কারকাজ বন্ধ হয়ে যায়।
জানতে চাইলে সওজ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোফাজ্জল হায়দার প্রথম আলোকে বলেন, কাজ বন্ধ রাখার অভিযোগ সঠিক নয়। রাস্তার পাশে ড্রেন না থাকায় একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। সড়কটি আপাতত চলাচলের উপযোগী করা হচ্ছে।
যোগাযোগমন্ত্রী গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কেরানীগঞ্জে ঢাকা-নবাবগঞ্জ সড়কের বন্দ ডাকপাড়া এলাকার বেহাল সড়ক পরিদর্শন করেন। এ সময় তিনি সওজের কর্মকর্তাদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ঈদের সপ্তাহ খানেক আগে এখানে এসেছিলাম। তবে এখনো রাস্তার অবস্থা আগের মতোই রয়েছে। কাজের কোনো অগ্রগতি হয়নি। আপনারা নতুন নতুন বিল তৈরি করা বন্ধ করেন। আজ রাস্তা ঠিক করবেন, কাল নষ্ট হবে—এটা হতে পারে না।’
যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘এই সড়ক সংস্কারের জন্য ১০ দিনের সময় বেঁধে দিয়েছি। ১১ দিনের মাথায় আবার খোঁজ নেব। ঠিকমতো সংস্কার না হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ মন্ত্রী আরও বলেন, কাজের মান খারাপ করে এক কাজ দুবার করার মানসিকতা বদলাতে হবে।
সড়কে চাঁদাবাজি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সড়কে চাঁদাবাজি করা কিছু দুষ্ট লোকের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আমরা তা বন্ধের চেষ্টা করছি। এ বিষয়ে যানবাহন মালিক সমিতির সহযোগিতা প্রয়োজন।’ জামায়াতে ইসলামীর হরতাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল গরিব মারার হাতিয়ার।