মন্ত্রী আসছেন, তাই রাস্তার একাংশ সংস্কার
নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের সংস্কারকাজ শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনের খবরে জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এই সংস্কারকাজ শুরু করেছে। তবে এতে খুশি নন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলছেন, এভাবে এর আগে এই সড়কটি সংস্কার করা হয়। কিন্তু দুই দিন পরই সড়কটি আবার আগের অবস্থায় ফিরে যায়।
গতকাল সোমবার রাত থেকে শ্যামগঞ্জ থেকে পূর্বধলার চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার সড়কটির খানাখন্দ অংশে বালু ও ইটের খোয়া ফেলা হচ্ছে। এই সড়কটি প্রায় দুই বছর ধরে বেহাল পড়ে রয়েছে।
শিজকান্দি গ্রামের বাসিন্দা মো. সিদ্দিক মিয়া বলেন, এর আগে গত ৩০ ডিসেম্বর পূর্বধলায় অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানের আগমন উপলক্ষে সড়কটি এভাবে ঠিক করা হয়েছিল। দুই দিন পরই সড়কটি আগের অবস্থায় ফিরে যায়। তিনি বলেন, ‘এমন কইরা যদি মাসে মাসে একজন মন্ত্রী আইত, তাইলে আমরার লাইগ্গা বালাই অইতো।’
সংস্কারকাজে নিয়োজিত কয়েকজন শ্রমিক বলেন, ‘এত দিন ধরে সড়কটি বেহাল। মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় নেই। আর এখন মন্ত্রী আসবে তাই রাস্তার কাজ শুরু হইছে।’
সওজের নেত্রকোনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার প্রথম আলোকে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন। সঙ্গে অনেক অতিথি থাকবেন। তাঁদের গাড়ি যাতে গর্তে আটকে না পড়ে তার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে দিদারুল আলম বলেন, এই কাজের জন্য কোনো বরাদ্দ নেই। নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে সড়কটি সংস্কার করা হচ্ছে। প্রায় দেড় শ শ্রমিক সড়কে কাজ করছেন। তাতে লাখ টাকার মতো খরচ হবে। এই সড়কটি নতুন করে সংস্কারের জন্য ৩১৬ কোটি টাকার অনুমোদন হয়েছে। তিন-চার মাসের মধ্যেই কাজ শুরু করা সম্ভব হবে।
পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, কাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামালের পূর্বধলা জগৎমণি উচ্চবিদ্যালয়ে আসার কথা রয়েছে। প্রধান অতিথি হয়ে তিনি বিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ফটো গ্যালারি’র উদ্বোধন করবেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুধাংশু শেখর তালুকদার জানান, ওই গ্যালারিতে জাতির পিতার প্রায় ২০০টির মতো দুর্লভ ছবি সংক্ষিপ্ত বর্ণনাসহ স্থান পাবে। অনুষ্ঠানে মন্ত্রী শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করবেন। এ সময় স্থানীয় সাংসদ ওয়ারেসাত হোসেন বেলাল, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জের উপপুলিশ কমিশনার চৌধুরী আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নমিতা দে উপস্থিত থাকবেন।