মন্ত্রী আসছেন তাই সড়ক সংস্কারের তোড়জোড়!

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বুধবার কুষ্টিয়ায় আসছেন। জেলা আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। তাঁর আগমনের আগে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকেরা জেলার ভাঙাচোরা সড়ক মেরামতে রাতদিন কাজ করছেন।
সড়কগুলো হলো কুষ্টিয়া-ঝিনাইদহ ও কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক এবং কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়ক। এ তিনটি সড়কের বেশ কয়েক জায়গায় ভাঙাচোরা ও গর্ত রয়েছে। আজ বেলা তিনটার দিকে কুষ্টিয়া সরকারি কলেজের মাঠে সেতুমন্ত্রী জনসভায় যোগ দেবেন। তাঁর আগমনের আগাম খবর পেয়ে ১৫ দিন ধরে ওই সব সড়ক মেরামতের কাজ করছে সওজ।
তবে কুষ্টিয়া সওজের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, এটা তাঁদের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ। আগে কম মাত্রায় ছিল, কখনো এটা বেড়ে যায়।
গতকাল মঙ্গলবারসহ তিন দিন ধরে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা, পুলিশ লাইন ও জিলা স্কুলের সামনের খানাখন্দে ভরা অংশ বালু, ইট-পাথর ও পিচ দিয়ে ভরাট করতে দেখা যায়। সড়কের আশপাশের কয়েকজন দোকানি বলেন, মন্ত্রী আসছেন, তাই মেরামত চলছে। এর আগে রাস্তাটা কেউ ঠিক করতে আসেনি।
১৫ দিন ধরে সড়কে বেশি কাজ করার ব্যাপারে সওজের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মন্ত্রী আসার খবর আগেই পাওয়া গেছে। তাই ভাঙা জায়গা ঠিক করা হচ্ছে। সড়ক যান চলাচলের উপযোগী করা হচ্ছে।