মন্ত্রী আসছেন, সাজছে রাজশাহী রেলস্টেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলমন্ত্রী মুজিবুল হক ১৯ মার্চ রাজশাহীতে আসছেন। মন্ত্রীর আগমন উপলক্ষে এবার সাজানো হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন। ট্রাকভরে ফুলফোটা গাছ নিয়ে এসে রাতারাতি লাগানো হচ্ছে। রং করা হচ্ছে দেয়াল থেকে শুরু করে সব স্থাপনায়। কাজ চলছে রাত-দিন। তবে এ কাজের জন্য কোনো দরপত্র আহ্বান করা হয়নি। কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশে কাজ করছেন সরকারদলীয় নেতারা।
রাজশাহীতে গত ডিসেম্বর মাসে রেলওয়ের মহাপরিচালক (ডিজি) আমজাদ হোসেন এসেছিলেন। তাঁর আগমন উপলক্ষেও একইভাবে স্টেশনের বিভিন্ন স্থাপনায় রং লাগানো হয়েছিল। একইভাবে বাইরে থেকে ট্রাকে করে ফুলগাছ এনে রাতারাতি লাগানো হয়েছিল। এ নিয়ে গত ৩ ডিসেম্বর ‘তার আগমন তাই...’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ১৯ মার্চ রাজশাহীতে আসছেন রেলমন্ত্রী মুজিবুল হক। ওই দিন তিনি রাজশাহী-খুলনার মধ্যে চলাচলকারী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে সংযোজিত নতুন কোচের উদ্বোধন করবেন। এরপর তিনি বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের দপ্তরের সামনে রেলওয়ে শ্রমিক লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেবেন। তাঁর আগমন উপলক্ষে দুই দিন ধরে রাজশাহী রেলওয়ে স্টেশন ধোয়ামোছা ও রং করার কাজ চলছে। দেয়ালে লাগানো পোস্টার তুলে ফেলা হচ্ছে। তাতে রং করা হচ্ছে। স্টেশনের ওভারব্রিজ থেকে শুরু করে প্রতিটি গ্রিলেও নতুন রং লাগানো হচ্ছে। প্ল্যাটফর্মের মাঝখানে নতুন করে ফুলগাছ লাগানো হয়েছে। স্টেশনের পার্কিং জোনে ফুলগাছ লাগানোর জায়গাগুলোতেও ফুলফোটা গাছ এনে লাগানো হচ্ছে।
গত শনিবার সন্ধ্যায় এক ট্রাক ফুলগাছ এনে প্ল্যাটফর্মের ভেতরে রাখা হয়। রাত থেকে গাছ লাগানো শুরু হয়েছে। গতকাল রোববার দুপুরে দুজন কর্মচারী যখন পার্কিং জোনে ফুলগাছ লাগাচ্ছিলেন, তখনই কিছু গাছ রোদে নেতিয়ে পড়েছিল। তবে কর্মচারীরা বলছেন, পানি দিলেই এই গাছ আবার তাজা হয়ে উঠবে। একইভাবে স্টেশনের ভেতরে ‘স্টেজিং’ করে ওপরের ছাদে রং করা হচ্ছে।
রেলওয়ে সূত্র জানায়, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক জেডু সরকার, যুবলীগের সভাপতি রমজান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলামসহ চার-পাঁচজন নেতা মিলে স্টেশনের কাজ করছেন। তবে মহাপরিচালকের ভবনেও রঙের কাজ চলছে। সেখানে বোয়ালিয়া থানা আওয়ামী লীগের নেতা পলাশের নেতৃত্বে আরেক দল কাজ করছে।
মন্ত্রীর আগমন উপলক্ষে স্টেশন সাজাতে কী পরিমাণ ব্যয় হচ্ছে জানতে চাইলে প্রধান প্রকৌশলী রমজান আলী বলেন, জন্মলগ্ন থেকে স্টেশনে রং করা হয়নি। এদিকে মন্ত্রীও আসছেন, তাই মহাপরিচালক মহোদয় রঙের কাজ করতে বলেছেন। এ জন্য দরপত্র আহ্বান করা হয়নি। কী পরিমাণ খরচ হবে তার প্রাক্কলন এখনো তাঁর কাছে আসেনি। তিনি বিভাগীয় প্রকৌশলী-২-এর সঙ্গে কথা বলতে বলেন। যোগাযোগ করলে বিভাগীয় প্রকৌশলী আসাদুল হক খোঁজ নিয়ে প্রথম আলোকে বলেন, রঙের জন্য ৪ লাখ টাকার মতো ব্যয় হবে।