মন্ত্রী আসবেন, তাই দরজা জানালা খুলে গ্যারেজে!
নৌমন্ত্রী শাজাহান খান এর আগে দুবার নির্মাণাধীন বরিশাল আধুনিক নৌবন্দর পরিদর্শন করেন। তখন নিম্নমানের কাজ দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন। গতকাল শনিবার আবারও মন্ত্রী আসছেন শুনে বন্দরের নতুন দ্বিতল ভবনের নিম্নমানের দরজা-জানালা খুলে সরিয়ে ফেলেন ঠিকাদারেরা।বারবার নিম্নমানের কাজ করে পার পেয়ে যাওয়া এবং সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এ নৌবন্দরের কাজ যেনতেনভাবে করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।নাম প্রকাশ না করার শর্তে বন্দরের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মন্ত্রী আবার ক্ষোভ প্রকাশ করতে পারেন—এই আশঙ্কায় অনেক দরজা-জানালা খুলে গ্যারেজ ও অন্যত্র লুকিয়ে রাখেন ঠিকাদারেরা। মন্ত্রী চলে গেলে ওই দরজা-জানালাই আবার লাগানো হবে।গতকাল বিকেল পৌনে চারটার দিকে শাজাহান খান নৌবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন। তবে বন্দরের কাজের মান ও অগ্রগতির বিষয়টি এড়িয়ে যান তিনি।এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মূলত ঈদ উপলক্ষে বরিশাল নৌবন্দরের প্রস্তুতি দেখার জন্যই এসেছি। ঈদের সময় বরিশালে অন্তত ৫০ লাখ মানুষ যাতায়াত করে। তাদের যাতে সমস্যা না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।’নৌবন্দরে নিম্নমানের কাজ ও ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে মন্ত্রী বিষয়টি এড়িয়ে যান। তবে তিনি বলেন, কাজ আগের চেয়ে ভালো হয়েছে। গত ২৪ জুন বরিশাল সার্কিট হাউসে এক সভায় নৌবন্দরের কাজ নিম্নমানের বলে অসন্তোষ প্রকাশ করে ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন নৌমন্ত্রী। এরপর গত ৯ জুলাই ভোলা-লক্ষ্মীপুর নৌপথে নতুন ফেরি উদ্বোধন করার আগে বরিশাল নৌবন্দর পরিদর্শনের সময়ও আরেক দফা ক্ষোভ প্রকাশ করেন তিনি।গত ১২ জুলাই বরিশাল নৌবন্দরের কাজ পরিদর্শনে আসেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মো. আবদুল মালেক মিয়া। তিনিও বন্দরের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তোলেন। একই সঙ্গে ঠিকাদারকে পরবর্তী এক মাসের মধ্যে সঠিকভাবে কাজ করে বন্দর কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি। কিন্তু এক মাস পার হলেও এখনো কাজ শেষ হয়নি।