মন্ত্রী আসবেন, তাই...
হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতাল আজ রোববার সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ পরিদর্শন করবেন। তাই হাসপাতাল কর্তৃপক্ষ এক দিন আগেই গতকাল হাসপাতালে থাকা প্রায় অর্ধেক রোগীকে বাধ্যতামূলক ডিসচার্জ (ছাড়পত্র) দিয়ে বের করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, সমাজকল্যাণমন্ত্রী আজ রোববার হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালের স্বাস্থ্যসেবা কমিটির সভায় যোগ দেবেন এবং হাসপাতাল পরিদর্শন করবেন। এর প্রস্তুতি উপলক্ষে কর্তৃপক্ষ দুই দিন ধরে হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করে। গতকাল হাসপাতালে সরেজমিনে দেখা যায়, শিশু ওয়ার্ডে গতকাল পর্যন্ত রোগী ছিল ৮৪ জন। হাসপাতাল কর্তৃপক্ষ এক দিনেই ৪০ জন শিশুরোগীকে ছাড়পত্র দিয়েছে বলে জানান এ ওয়ার্ডের দায়িত্বরত সেবিকা জয়ন্তি দে। পুরুষ সার্জারি ও মেডিসিন বিভাগে গতকাল রোগী ছিল ৮৪ জন। দায়িত্বরত সেবিকা আভা বিশ্বাস ও রহিমা সুলতানা জানান, গতকাল তাদের ৩০ জন রোগীকে আবাসিক চিকিৎসক ছাড়পত্র দিয়েছেন। গাইনি বিভাগে ভর্তি রোগীর সংখ্যা পাওয়া যায় ৪৯। তবে গতকালই ৩১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানান সেবিকা পারভিন খানম।শিশু বিভাগে এক রোগীর অভিভাবক আয়শা আক্তার বলেন, তাঁর শিশুকে ঠান্ডাজনিত সমস্যায় দুই দিন আগে হাসপাতালে নিয়ে আসেন। তার চিকিৎসা শেষ হওয়ার আগেই হঠাৎ সেবিকা এসে একটি চিঠি ধরিয়ে বলেন হাসপাতাল ছাড়তে। মেডিসিন বিভাগের রোগী আফরোজ মিয়া জানান, দুই দিন আগে তিনিও হাসপাতালে ভর্তি হন। তাঁর চিকিৎসা শেষ হওয়ার আগেই গতকাল আবাসিক চিকিৎসা কর্মকর্তা স্বাক্ষরিত একটি ছাড়পত্র দিয়ে হাসপাতাল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।গাইনি বিভাগের রোগী আসমা খানম ও পারুল বেগমের অভিভাবকেরা জানান, তাঁদের রোগীর অবস্থা ভালো নয়, বারবার খিঁচুনি উঠছে। চিকিৎসকেরা জেনেশুনেও তাঁদের ছাড়পত্র হাতে ধরিয়ে দেন। হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মো. হায়দার আলী খন্দকার জানান, সমাজকল্যাণমন্ত্রী আসবেন, তাই পরিবেশ সুন্দর করা হয়েছে। চিকিৎসা শেষ হওয়ার আগেই রোগীদের জোর করে ছাড়পত্র দেওয়ার অভিযোগের বিষয়ে হবিগঞ্জ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, কাউকে জোর করে ছাড়পত্র দেওয়া হয়নি। যাঁরা গেছেন, তাঁরা স্বেচ্ছায় নিজ থেকেই গেছেন। মন্ত্রী হাসপাতালে আসার বিষয়টি আবাসিক চিকিৎসা কর্মকর্তা নিশ্চিত করেন।