মন্ত্রী আসবেন তাই...
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের সয়দাবাদ এলাকায় গত বুধবার প্রস্তাবিত শিল্পপার্ক এলাকা পরিদর্শন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এবং মত্স্য ও পানিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস। মন্ত্রীরা পরিদর্শনে আসছেন, তাই দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে থাকা প্রধানমন্ত্রীর নামফলক বুধবার সকালে তড়িঘড়ি করে পুনঃস্থাপন করেছে স্থানীয় বিসিক কার্যালয়। ১৯৯৯ সালের ৩০ নভেম্বর তত্কালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিরাজগঞ্জে শিল্পপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করার সময় এই নামফলকটি বসানো হয়। বিগত চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পরপরই নামফলকটি ভেঙে ফেলা হয়। এর পর থেকে এটি ভাঙা অবস্থায়ই পড়ে ছিল। তড়িঘড়ি করে নামফলক পুনঃস্থাপনের প্রতিক্রিয়ায় স্থানীয় লোকজন বলেন, মন্ত্রীদের খুশি করার জন্যই বিসিকের পক্ষ থেকে পাথরের তৈরি নামফলকটি পুনঃস্থাপন করা হয়েছে। দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় থাকলেও কর্তৃপক্ষ এটি পুনঃস্থাপন করেনি। সিরাজগঞ্জ বিসিকের সহকারী মহাব্যবস্থাপক আবদুল লতিফ বলেন, ‘অনেক আগেই এটি পুনঃস্থাপন করার ইচ্ছা ছিল। কিন্তু বাজেট না থাকায় কাজটি করা সম্ভব হয়নি। গত বুধবারই বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধান অফিসের নির্দেশে ঢাকা থেকে নামফলকের পাথরটি এনে পুনঃস্থাপন করেন।’