মন্ত্রী আসার আধা ঘণ্টা আগে সড়কের গর্ত ভরাট !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা সফরে আসেন। তার আগমন উপলক্ষে সড়ক বিভাগের লোকজন হঠাৎ তৎপর হয়ে ওঠে। তারা দীর্ঘদিন ধরে পড়ে থাকা রায়পুর এলএম পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের গর্তটি মন্ত্রী আসার আধা ঘণ্টা আগে ভরাট করে।জানা গেছে, চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের রায়পুর এলএম পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে দীর্ঘদিন থেকে একটি গর্তের সৃষ্টি হওয়ায় রাস্তার কার্পেটিং ওঠে যায়। কিন্তু গতকাল যোগাযোগমন্ত্রীর আগমনের সংবাদ শুনে সড়ক বিভাগের লোকজন লক্ষ্মীপুর-চাঁদপুর সড়কে খানাখন্দ ভরাটে তৎপর হয়ে ওঠে। গর্ত ভরাটের সময় ওই স্থানে কথা হয় লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী মোস্তফা চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, মন্ত্রী আসার কারণে রাস্তার ছোট-বড় গর্তগুলো ভরাট করা হচ্ছে। এটি নিয়মিত কাজের অংশ বলেই তিনি দাবি করেন।দলীয় সূত্র জানায়, লক্ষ্মীপুর জেলার রাস্তাঘাটের অবস্থা দেখতে মন্ত্রী হঠাৎ সফরে আসেন। বিকেলে রামগঞ্জ হয়ে রায়পুর এসে মাগরিবের নামাজের আগে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে রেস্টহাউসে মতবিনিময় করেন। লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মজিবুর রহমান মোল্লা বলেন, বৃষ্টি-বাদলের কারণে সড়কের কিছু স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। গর্তগুলো মেরামত সব সময় করা হয়। তবে আমাদের এ অঞ্চলের সড়কগুলোর অবস্থা অনেক এলাকার চেয়ে উন্নত।