মন্ত্রী এলেন, দেখলেন রোগী আছে, চিকিৎসক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবার বেলা একটা। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস সরকারি কর্মসূচিতে যোগ দিতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিয়ে যাচ্ছিলেন। স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মাইক্রোবাসের স্ট্যান্ড এবং আঙিনায় গরু-ছাগলের বিচরণ দেখে তিনি হঠাৎ গাড়ি থামালেন। মন্ত্রীকে দেখে ছুটে এলেন কয়েকজন রোগী।রোগীরা অভিযোগ করলেন, হাসপাতালে চিকিৎসক নেই। অন্য একজন রোগী বললেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নিজেই স্লিপ দিয়ে হাসপাতাল থেকে ওষুধ তোলেন। অথচ ওই ওষুধ রোগীদের দেওয়া হয় না। মন্ত্রী তাৎক্ষণিক স্বাস্থ্য কর্মকর্তার খোঁজ করেন। জানানো হয়, তিনি অনুপস্থিত। এ কথা শুনে ক্ষিপ্ত হন মন্ত্রী।ওই দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে খোঁজ নিয়ে জানা গেছে, ৩১ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ১৩ জন চিকিৎসকের বিপরীতে বর্তমানে নয়জন আছেন। এর মধ্যে চারজন নিয়মিত, বাকি পাঁচজন প্রেষণে আসা চিকিৎসক। শনিবার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দুজন চিকিৎসককে পাওয়া যায়। প্রেষণে আসা দুজন চিকিৎসক মনিরুল ইসলাম ও মাহমুদুল হক বহির্বিভাগে রোগীদের সামাল দিচ্ছেন। আর নিয়মিত চিকিৎসক চারজনের মধ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে তখন পাওয়া যায়নি। জরুরি বিভাগের দায়িত্ব ছিল চিকিৎসক মাফুজা আফরিনের ওপর। ওই সময় তিনিও ছিলেন অনুপস্থিত। তাৎক্ষণিক তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি জরুরি কাজে বাইরে থাকায় ডা. রিপন চন্দ্রকে দায়িত্ব দেওয়া হয়েছে।’ রিপন চন্দ্রকেও সে সময় হাসপাতালে পাওয়া যায়নি।খোঁজ নিয়ে জানা গেছে, এলাকাটি তাঁতশিল্পে সমৃদ্ধ হওয়ায় আশপাশে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক গড়ে উঠেছে। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা ওই সব হাসপাতাল ও ক্লিনিকে কাজ করেন। স্থানীয় লোকজনের অভিযোগ, হাসপাতালে কোনো রোগী এলে তাদের বাইরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে, এই হাসপাতালে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সনদ দেওয়ার ব্যবসা চলে আসছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সনদ দেওয়ার কাজেই নিজেকে ব্যস্ত রাখেন। হাসপাতালের সামনেই মাইক্রোবাসের স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। সঙ্গে চত্বরে গরু আর ছাগলের অবাধ বিচরণ। রোগীরা অভিযোগ করেন, সময়ে-অসময়ে মাইক্রোবাসের হর্নে তাঁদের সমস্যা হয়।হাসপাতালে আসা রোগীদের মধ্যে শামীম ও নিহার মিয়া অভিযোগ করেন, স্বাস্থ্য কর্মকর্তা নিজেই স্লিপ দিয়ে ওষুধ নেন এবং ব্যক্তিগতভাবে ব্যবহার করেন। বিষয়টি জানতে ফার্মাসিস্ট সুকুমার গোস্বামীর কাছে যাওয়া হয়। তাঁর কাছে থাকা রেজিস্ট্রার ঘেঁটে দেখা যায় ২, ৪, ৫, ৬ ও ৭ জুলাই মোট ৮৩টি স্লিপ দিয়ে শুধু ‘পেন্টিড’ নামের ওষুধ উত্তোলন করা হয়েছে। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে মনোয়ারা বেগম বলেন, ‘আমরা গরিব মানুষ। ওষুধ পাই না। কিন্তু ডাক্তাররা ওষুধ নিয়ে বিক্রি করেন।’বেলা তিনটার দিকে একটি ওষুধ কোম্পানির প্রতিনিধির মোটরসাইকেলে চড়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন চিকিৎসক রিপন চন্দ্র। তিনি বলেন, ‘সকালে এসে রোগী দেখে চলে গেছি। এখন আবার এলাম।’ একটি ক্লিনিকে রোগী দেখছিলেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, একটু জরুরি কাজে বাড়িতে গিয়েছিলাম।’উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শরিফুল ইসলাম সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হাসপাতালের কর্মচারীদের এবং ভিআইপি ব্যক্তিদের ওষুধ দেওয়ায় এগুলোর স্টক ঠিক রাখতে স্লিপ লেখা হয়েছে। এখানে বিন্দুমাত্র অসৎ উদ্দেশ্য নেই। বরং রোগীদের আমিই সেবা দিয়ে থাকি।’ সনদ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘রোগীরা এসে যদি নাম-পরিচয় গোপন রেখে তথ্য দেন, সেখানে চিকিৎসকের দোষ কোথায়?’সিরাজগঞ্জের সিভিল সার্জন নাজিম উদ্দীন জানান, ‘অভিযোগগুলো সম্পর্কে আমি অবগত নই। বিস্তারিত জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আবদুল লতিফ বিশ্বাস বলেন, ‘চিকিৎসকদের দায়িত্ববান হওয়া বাধ্যতামূলক। হাসপাতালের বিভিন্ন অনিয়মের বিষয়ে বেশকিছু অভিযোগ আমিও পেয়েছি। এসব অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’