মন্ত্রী ও প্যানেল মেয়রের বাদানুবাদ

বিশ্বব্যাংক আয়োজিত এক কর্মশালায় উন্নয়নে বাধা সৃষ্টি ও নগর অপরিচ্ছন্ন থাকার অভিযোগ তুলে চট্টগ্রাম সিটি করপোরেশনকে দায়ী করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। গণপূর্ত বিভাগের জায়গা সিটি করপোরেশন দখলে রাখায় ক্ষোভও প্রকাশ করেন মন্ত্রী।
আজ রোববার সকালে বিশ্বব্যাংকের বিদেশি অতিথিদের সামনে মন্ত্রীর এ অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। অবশ্য প্যানেল মেয়রের বক্তৃতার সময় মন্ত্রী ছিলেন না।
সকালে নগরের রেডিসন ব্লু চিটাগাং বেভিউর মেজবান হলে ‘চট্টগ্রামের কৌশলগত নগর পরিবহনের মহাপরিকল্পনা’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করে বিশ্বব্যাংক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। অনুষ্ঠানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, বিশ্বব্যাংকের প্রকল্প টাস্ক টিমের প্রধান সিজেওকি সাকাকি, প্রকল্প প্রধান ডেভিড ইংহাম প্রমুখ বক্তব্য দেন।
মন্ত্রী মোশাররফ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পাঁচলাইশে একটি পার্ক করতে চেয়েছি, যার জন্য পাকিস্তান আমলে জমি অধিগ্রহণ করা হয়। এ জায়গা গণপূর্ত বিভাগের। সিটি করপোরেশনকে দেখভাল করতে দেওয়া হয়েছিল। এখন তারা দাবি করছে উত্তরাধিকার ও দখলসূত্রে নাকি তারা মালিক। দখলসূত্রে কি মালিক হতে পারে কেউ? অথচ সেখানে পার্ক করতে দিল না সিটি করপোরেশন।’
মোশাররফ আরও বলেন, ‘আগ্রাবাদে একটি পার্ক করছি। এ জন্য পরিকল্পনা কমিশন ১৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সেখানেও সিটি করপোরেশন বাধা দিচ্ছে। এভাবে চলতে পারে না। যদি শহরে পার্ক না থাকে তাহলে নগরের মানুষ হাঁটবে কোথায়?’
মন্ত্রী মোশাররফ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আজকে ময়লার জন্য চট্টগ্রামে হাঁটা যায় না। সব জায়গায় আবর্জনা। রাস্তায় রাস্তায় ময়লা পড়ে আছে। দুর্গন্ধ ছড়াচ্ছে। অথচ বিদেশে এ ময়লাগুলো সম্পদ। ফলে শুধু সিটি করপোরেশনের গাড়ির জন্য বসে থাকলে চলবে না।’
সিটি করপোরেশন সম্পর্কে মন্ত্রীর সমালোচনার জবাবে প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, ‘কিছুদিন আগে মিউনিসিপ্যাল স্কুলের একটি অনুষ্ঠানে নিউমার্কেট এলাকার ফুটপাতে হকার দেখে আমার কাঁধে হাত রেখে মোশাররফ সাহেব বলেছিলেন, “এগুলো তোমরা দেখো না? তোমার মেয়র চোখে দেখে না?” আমি বলেছি, অপেক্ষা করুন। আমরা দেখব। কিন্তু আজকে কি উনি (মন্ত্রী মোশাররফ) রিয়াজউদিন বাজারের দিকে যাননি? নিউ মার্কেটের ফুটপাত দেখেননি?’
হাসনী মন্ত্রীর সমালোচনা করে বলেন, ‘আমরা আসলে উনার (মন্ত্রী) পলিটিক্যাল শিকার। উনি (মন্ত্রী) একটি পার্ট (পক্ষ) নিয়ে ফেলেছেন। এ জন্য আমাদের সঙ্গে একটু সমস্যা হচ্ছে।’
পাঁচলাইশে পার্ক নির্মাণ প্রসঙ্গে হাসনী বলেন, ‘মনজুর (সাবেক মেয়র মনজুর আলম) সাহেবের আমলে উনি মন্ত্রী ছিলেন না? মনজুর আমলে যখন আমরা (সিটি করপোরেশন) সুইমিংপুল করছিলাম, তখন উনি (মন্ত্রী) কেন বাধা দিতে পারেননি? আমরা তো তখন উন্নয়নের জন্য টেন্ডার করেছিলাম। উনিও মন্ত্রী ছিলেন।’
বিশ্বব্যাংক চট্টগ্রামের পরিবহনব্যবস্থার ওপর ১৬টি সুপারিশ উপস্থাপন করে। সেখান থেকে সংখ্যাগরিষ্ঠ নাগরিক ও বিশেষজ্ঞরা ছয়টি সুপারিশ বেছে নেন। সুপারিশগুলো হচ্ছে গণপরিবহনের ওপর জোর, নিরাপদ যাতায়াত, জনবান্ধব ও পরিবেশবান্ধব পরিবহন, পদ্ধতির সক্ষমতা বাড়ানো (দক্ষতা), সমন্বিত ও বিকল্প পরিবহনব্যবস্থা চালু করা।