মন্ত্রী ও সাংসদদের বেতন-ভাতা বেড়ে প্রায় দ্বিগুণ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রী ও সাংসদদের বেতন-ভাতা বাড়িয়ে প্রায় দ্বিগুণ করা হচ্ছে। সংসদের চলতি অধিবেশনেই সাংসদ ও মন্ত্রীদের সম্মানী (বেতন) ভাতাসহ আর্থিক সুবিধা বাড়ানোর বিষয় একাধিক বিল তোলা হবে। এ অধিবেশনেই বিলগুলো পাস হতে পারে। বিলে সাংসদ ও মন্ত্রীদের বেতন-ভাতা প্রায় ৮৩ ও ৮৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এ ব্যাপারে আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, সংসদের চলতি অধিবেশনেই বিলগুলো উপস্থাপন করা হবে। আইন মন্ত্রণালয় ইতিমধ্যে খসড়া চূড়ান্ত করেছে। সংসদ চাইলে এ অধিবেশনেও এটি পাস হতে পারে।স্পিকার আবদুল হামিদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘চলতি অধিবেশনেই বিলটি পাস হবে বলে আশা করি।’ জীবনযাত্রার ব্যয় বাড়ার কারণে বেতন-ভাতা বাড়ানো প্রয়োজন বলে মত দেন তিনি।সাংসদদের বেতন-ভাতা সম্পর্কিত বিলের সঙ্গে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বেতন-ভাতা বাড়াতে একই সঙ্গে আরও চারটি পৃথক বিল সংসদে আসবে। সংসদের চলতি অধিবেশন পুরো মার্চ চলতে পারে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বিলে সাংসদদের বেতন-ভাতা ৮৩ ভাগ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আর মন্ত্রীদের বাড়ছে প্রায় ৮৫ শতাংশ। বর্তমানে একজন সাংসদ মাসিক সম্মানী পান ১৫ হাজার টাকা। এটি বাড়িয়ে ২৮ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া এবার প্রথমবারের মতো সাংসদদের বেতন-ভাতার সঙ্গে যানবাহন-ভাতা চালুর প্রস্তাব করা হয়েছে। সাংসদদের নির্বাচনী এলাকার খরচ মাসিক পাঁচ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে। নিয়ামক-ভাতা দুই হাজার থেকে পাঁচ হাজার এবং টেলিফোন বিল ১০ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া সাংসদদের দৈনিক ভাতা ২০০ থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। ভ্রমণ-ভাতা প্রতি কিলোমিটার ছয় টাকা থেকে ১০ টাকা করা হয়েছে। চিকিত্সাসহ অন্য সব ভাতা দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। নির্বাচনী এলাকার অফিস খরচও ছয় হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হচ্ছে।বর্তমানে একজন সাংসদ মাসিক ১৫ হাজার টাকা সম্মানীসহ ৩৪ হাজার ২০০ টাকা পান। প্রস্তাবিত বেতন-ভাতা কার্যকর হলে সব মিলিয়ে পাবেন মাসে প্রায় ৬০ হাজার টাকা। এর বাইরে গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে আরও ৪০ হাজার টাকা পাবেন।২০০৫ সালের জুলাই মাসে সর্বশেষ সাংসদদের বেতন-ভাতা বাড়ানো হয়েছিল। তখন প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সাংসদদের সম্মানী (বেতন) ও ভাতা বাড়ানো হয়। পৃথক আইনে রাষ্ট্রপতি ও বিচারপতি, স্পিকার, ডেপুটি স্পিকারের সম্মানীও বাড়ানো হয় তখন। প্রস্তাবে সাংসদদের সরকারি বাসস্থানের ‘অন্যান্য খরচের’ জন্য ব্যয়সীমা মাসিক পাঁচ হাজার টাকা নির্ধারণ করে তা সম্মানীর সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য খরচের বিষয় ব্যয়ের মাত্রা নির্ধারণ করে দেওয়ারও প্রস্তাব দেওয়া হবে। এগুলো সাংসদদের মাসিক ভাতার সঙ্গে যুক্ত করা হবে।প্রসঙ্গত, প্রতিবেশী ভারতের লোকসভার সদস্যরা মাসে ১৬ হাজার রুপি (ভারতীয় মুদ্রা) সম্মানী পেয়ে থাকেন। বর্তমান বিনিময় হারে বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২৪ হাজার টাকা। সব ভাতা মিলিয়ে সেদেশের একজন সাংসদ প্রায় ৪০ হাজার রুপি পেয়ে থাকেন। এর বাইরে তাঁরা অধিবেশনসহ লোকসভার কার্যক্রমে অংশ নেওয়ার জন্য নির্দিষ্ট হারে ভাতা এবং বিনামূল্যে রেলওয়ে পাস পান।রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীদেরও বেতন-ভাতা বাড়ছে: রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বেতন-ভাতা বাড়াতে ইতিমধ্যেই আইন মন্ত্রণালয় বিলের খসড়া চূড়ান্ত করে মন্ত্রিসভায় পাঠিয়েছিল। সাংসদদের বেতন-ভাতা বাড়ানোর বিলটি তখন না থাকায় সব একসঙ্গে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। জানুয়ারির শেষ সপ্তাহে সংসদ সচিবালয় সাংসদদের বেতন-ভাতা বাড়ানোর প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠায়। জানা গেছে, রাষ্ট্রপতির মূল বেতন ৩৩ হাজার ৪০০ থেকে ৬১ হাজার ২০০, প্রধানমন্ত্রীর ৩২ হাজার থেকে বাড়িয়ে ৫৮ হাজার ৫০০, মন্ত্রীদের ২৯ হাজার থেকে ৫৩ হাজার ৭০, প্রতিমন্ত্রীদের ২৬ হাজার ১০০ থেকে বাড়িয়ে ৪৭ হাজার, উপমন্ত্রীদের ২৪ হাজার ৬৫০ থেকে ৪৫ হাজার ২০০, স্পিকারের ৩১ হাজার ২০০ থেকে ৫৭ হাজার, ডেপুটি স্পিকারের ২৯ হাজার থেকে ৫৩ হাজার ৭০, সংসদ উপনেতার ২৯ হাজার থেকে ৫৩ হাজার ৭০, চিফ হুইপের ২৯ হাজার থেকে ৫৩ হাজার, হুইপের ২৬ হাজার থেকে ৪৯ হাজার ৪১০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।সাংসদ ও অন্যদের বেতন বাড়ানো সম্পর্কে সুশাসনসহ বিভিন্ন বিষয় কাজ করা সংস্থা ‘সুশাসনের জন্য নাগরিক’ সুজনের সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ প্রথম আলোকে বলেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সরকারি চাকুরেদের যেমন বেতন বেড়েছে, একইভাবে মন্ত্রী-সাংসদদেরও বেতন-ভাতা বাড়ানো অস্বাভাবিক নয়। তবে সরকারকে খেয়াল রাখতে হবে, এ নিয়ে যেন মানুষ সমালোচনা না করে।