মন্ত্রী ও সাংসদরা সম্পদ বিবরণী দেবেন জুনের মধ্যেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১০-১১ অর্থবছরের বাজেটের আগে অর্থাত্ জুনের মধ্যেই মন্ত্রী ও সংসদ সদস্যরা তাঁদের সম্পদের হিসাব বিবরণী সরকারের কাছে দাখিল করবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।অর্থমন্ত্রী জানান, প্রধান বিচারপতির অনুরোধ অনুযায়ী বিচার বিভাগের কর্মকর্তারাও এ সময়ের মধ্যে তাঁদের সম্পদের বিবরণী দেবেন। তারপর এ বিবরণী জনসমক্ষে প্রকাশ করা হবে। গতকাল রোববার সংশোধিত দ্বিতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্রের (পিআরএসপি-২) মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান। শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রী ও সাংসদদের সম্পদের বিবরণী প্রকাশের অবস্থান থেকে সরকার সরে গেছে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘সরি নাই, তবে একটু দেরি হচ্ছে।’ দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করে অর্থমন্ত্রী বলেন, ‘২০০৯ সালে নির্বাচন কমিশনে সাংসদদের হিসাব বিবরণী দেওয়া হয়েছে। তা ছাড়া এ বছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়ও সম্পদের বিবরণ মোটামুটি দেওয়া হয়েছে।’মন্ত্রী ও সাংসদদের পোষ্য বা আত্মীয়স্বজনের সম্পদের বিবরণীও প্রকাশ করা হবে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘স্বচ্ছতার জন্য যা যা করা প্রয়োজন, সবই করা হবে।’