মন্ত্রী-কংগ্রেসম্যানদের চিঠির জবাব দিতে সময় নষ্ট হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, গ্রামীণ ব্যাংক নিয়ে ড. মুহাম্মদ ইউনূস বহির্বিশ্বে মিথ্যাচার করে বেড়াচ্ছেন। সরকারের উদ্দেশ্যকে বিকৃতভাবে উপস্থাপন করে যাচ্ছেন তিনি। একেক দিন একেক দেশের মন্ত্রী ও কংগ্রেসম্যানরা চিঠি লিখছেন। তাঁরা প্রকাশ্যেই করছেন সেটা।

অর্থমন্ত্রী আরও বলেন, ‘ইউনূসের কথায় যাঁরা বিবৃতি দিচ্ছেন, তাঁদের ভুল ধারণা ভাঙাতে জবাব দিতে হচ্ছে। এতে আমার অনেক সময় নষ্ট হচ্ছে। যা আমার প্রাত্যহিক কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। তবে এ নিয়ে সরকারের বিব্রত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না।’

সচিবালয়ে গতকাল সোমবার সন্ধ্যায় ভারতীয় এক ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। গ্রামীণ ব্যাংকের ব্র্যান্ড ব্যবহার করে মুহাম্মদ ইউনূস ব্যবসা করেছেন বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, গ্রামীণ টেলিকমের টাকা কোথায় আছে, তা মুহাম্মদ ইউনূসই জানেন। অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংককে মুহাম্মদ ইউনূস নিজের প্রচারণায় ব্যবহার করেছেন। তিনি গ্রামীণ ব্যাংকের নাম যেভাবে ব্যবহার করেছেন এবং ব্যাংকের পরিচালকদের জন্য নিজে যে বিধান চালু করেছেন, তা অবৈধ। কোনো ক্ষেত্রেই আইন মানেনি গ্রামীণ ব্যাংক।

গ্রামীণ ব্যাংককে সরকারি প্রতিষ্ঠান উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, দেশের বিপুলসংখ্যক নারী ঋণগ্রহীতার ভাগ্য জড়িত গ্রামীণ ব্যাংকের সঙ্গে। অথচ গ্রামীণ ব্যাংককে ১৯ টুকরা করতে সরকার উদ্যোগ নিয়েছে বলে মুহাম্মদ ইউনূস অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। তা সম্পূর্ণ মিথ্যা। এ ধরনের কোনো ইচ্ছাই সরকারের নেই।

গ্রামীণ ব্যাংক কমিশনের অন্যতম সদস্য আজমালুল হোসেন কিউসির প্রতিবেদনটিকে ‘আংশিক’ মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমি সন্তুষ্ট। আগামী এক মাসের মধ্যে কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।’ গ্রামীণ ব্যাংককে ১৯ টুকরা করা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এটা ছিল একটা সুপারিশ। কিন্তু পরে তা বাদ হয়ে গেছে। কিন্তু মুহাম্মদ ইউনূস এটা নিয়ে এখনো মিথ্যাচার করে যাচ্ছেন। অর্থমন্ত্রী বলেন, মুহাম্মদ ইউনূস যখনই বিপদে পড়েছেন, সরকার তাঁকে সাহায্য করেছে। আর যখন সুখে ছিলেন, তখন তিনি সরকারের কাছে আসেননি। যা খুশি তা-ই করেছেন।

গ্রামীণ ব্যাংক নিয়ে ইউনূসের প্রচারণা-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে উদ্দেশ্যপ্রণোদিতভাবেই মুহাম্মদ ইউনূস এটা করছেন। তিনি রাজনীতিবিদ, কিন্তু রাজনীতিবিদদের পোশাক পরেন না।

গ্রামীণফোন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, গ্রামীণফোনের লাইসেন্স অবৈধ। লাইসেন্সটি একজন নিয়েছেন, আর ব্যবহার করছেন আরেকজন। কমিশনের প্রতিবেদনেও এ কথা বলা হয়েছে। কঠোরভাবে আইন অনুসরণ করা হলে তাদের লাইসেন্স বাতিল হয়ে যাবে। কিন্তু যেহেতু গ্রামীণফোন দেশের একটি বৃহৎ বৈদেশিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান, তাই এর লাইসেন্স বাতিলের কথা একবারও বলা হয়নি। এ ছাড়া গ্রামীণফোনের অধিকাংশ শেয়ার হচ্ছে টেলিনরের। তাকে কীভাবে কাঠগড়ায় দাঁড় করানো যাবে? তা ছাড়া গ্রামীণফোন তো গ্রামীণ ব্যাংককে চেনে না, তারা চেনে গ্রামীণ টেলিকমকে। তাদের সম্পর্ক হচ্ছে মুহাম্মদ  ইউনূসের সঙ্গে। গ্রামীণ টেলিকমের জামানত দিয়েছিল গ্রামীণ ব্যাংক। আর গ্রামীণের সহযোগী প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব ঠিকভাবে হয়নি। ফলে কমিশন গ্রামীণ ব্যাংক ও অঙ্গসংগঠনগুলোর আয়-ব্যয়ের হিসাব নিশ্চিত করতে নিরীক্ষা করানোর ওপর জোর দিয়েছে।

কমিশন গ্রামীণফোনের আরও গভীরে গিয়ে কাজ করার পরামর্শ দিয়ে বলেছে, গ্রামীণফোনের কাছ থেকে গ্রামীণ ব্যাংকের প্রাপ্য টাকার বিষয়টি মুহাম্মদ ইউনূস জানেন। আর এখানে টাকা লেনদেনের প্রক্রিয়াটিও গোলমেলে। কমিশন এখনো পুরো বিষয়টি বের করতে পারেনি।