মন্ত্রী-কর্মকর্তাদের গা-ছাড়া ভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সচিবালয়ের কাজকর্মে স্থবিরতা
সচিবালয়ের কাজকর্মে স্থবিরতা

নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে স্থবির হয়ে পড়েছে প্রশাসন। নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে বিধিনিষেধ থাকায় নির্বাচনী সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দৈনন্দিন কাজকর্মে তেমন আগ্রহ নেই। এ কারণে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরাও কাজে গতি হারিয়েছেন।
বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা যায়, অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী শুধু অফিসে আসছেন আর যাচ্ছেন। অনেকে আবার দেরিতে এসে বাড়ি ফিরছেন দুপুরের মধ্যেই।
আর জাতীয় পার্টির মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের দপ্তরে আসেন না বললেই চলে। এসব মন্ত্রণালয়ে কাজের চেয়ে বেশি হচ্ছে তদবির। বিষয়টি এমন যে মন্ত্রী-প্রতিমন্ত্রী না থাকার সুযোগে কোনো কোনো উচ্চপর্যায়ের কর্মকর্তা টাকার বিনিময়ে ইচ্ছেমতো কর্মচারীদের বদলি শুরু করেছেন।
১০টি মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, মন্ত্রণালয় বা বিভাগের বিভিন্ন শাখার কর্মকর্তারা নিজের কাজের চেয়ে রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, নির্বাচনের আগে সাংসদ নির্বাচিত হওয়া ইত্যাদি বিষয়ে আলোচনায় ব্যস্ত থাকছেন। সরকারপন্থী কর্মকর্তারা সরকারের কর্মকাণ্ডের পক্ষে নানা যুক্তি তুলে ধরছেন। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা তাঁদের আন্দোলনকে আরও সক্রিয় করার জন্য জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছেন।
নাম প্রকাশ না করার শর্তে প্রশাসনের কয়েকজন কর্মকর্তা বলেন, এ পর্যন্ত তাঁরা তিন-চারটি সরকার দেখেছেন, তত্ত্বাবধায়ক সরকারও দেখেছেন। কিন্তু কাজকর্মে এমন স্থবিরতা কখনো দেখেননি। বিশেষ করে গুরুত্বপূর্ণ পাঁচটি মন্ত্রণালয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অনুপস্থিতির বিষয়টি নজিরবিহীন। তাঁরা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে ১০ জন উপদেষ্টা থাকলেও তাঁরা নিয়মিত কাজ করেছেন, প্রত্যেকে মন্ত্রণালয়ে গিয়েছেন।
খাদ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ভবিষ্যতের ঝামেলা এড়াতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া তো দূরের কথা, অনেক মন্ত্রী নথিতে সই করতেও চাইছেন না। ফলে উন্নয়নমূলক প্রকল্পগুলোও মুখ থুবড়ে পড়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, দু-একটি শাখা ছাড়া অন্যগুলোতে তেমন কাজ নেই। শ্রম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, এখন শুধু অফিসে আসা আর যাওয়া। নির্বাচন পর্যন্ত এ অবস্থা চলবে। ভূমি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘কাজকর্মে মন বসে না। সারাক্ষণ আতঙ্কে থাকি।’
এ অবস্থায় অনেকটা শঙ্কা নিয়ে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা গণমাধ্যমের কর্মীদের দেখলেই জানতে চান, দেশে কী হবে? রাজনৈতিক সহিংসতা বন্ধ হবে কবে? নির্বাচন হলেও দেশে শান্তি আসবে কি না ইত্যাদি।
এদিকে তফসিল ঘোষণার পর সম্প্রতি প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক সাবেক উপদেষ্টা এইচ টি ইমামকে সচিবালয়ে সংবর্ধনার ঘটনা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। গত ২৬ নভেম্বর প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন এইচ টি ইমাম। এ বিষয়ে পরিপত্র জারি হয় ২৮ নভেম্বর। এর পর থেকেই তিনি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তফসিল ঘোষণার পর পদত্যাগী একজন উপদেষ্টাকে সচিবালয়ে সংবর্ধনা দিতে আনাটা কতটুকু ন্যায়সংগত ছিল, তা নিয়ে সচিবালয়ে এখনো আলোচনা আছে।
নির্বাচন নিয়ে সচিবদের ভাবনা: আইনগতভাবে শুদ্ধ ও সিদ্ধ হলেও সব দলের অংশগ্রহণ না থাকায় ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে অস্বস্তিতে আছেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। তাঁদের মতে, আসন্ন নির্বাচন নিয়ে তাঁদের মধ্যে নানা ধরনের শঙ্কা ও ভয় তৈরি হয়েছে। যদিও যে সরকারই আসুক, তার অধীনেই কাজ করতে আমলারা বাধ্য।
এ নিয়ে বেশ কয়েকজন সচিবের সঙ্গে কথা হয়। একজন প্রভাবশালী সচিব বলেন, ‘মানসিকভাবে এ নির্বাচন আমরা মেনে নিতে পারছি না। কারণ, সব দলের অংশগ্রহণে আমরা নির্বাচন চাই। ৫ তারিখ পর্যন্ত এক ধরনের অবস্থা থাকবে, আর ৫ তারিখের পর হবে আরেক পরিস্থিতি।’
আরেকজন সচিব বলেন, সচিবেরা যেকোনো সরকারের অধীনেই কাজ করতে প্রস্তুত। কিন্তু যেভাবে ১৫৪ জন সাংসদ নির্বাচিত হয়েছেন এবং মনোনয়ন ও নির্বাচন নিয়ে যা হচ্ছে, তাতে এঁরাই যখন মন্ত্রী-প্রতিমন্ত্রী হবেন, তখন তাঁদের নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠবে।