মন্ত্রী গেলেন চার দিন পর, বললেন - সব স্বাভাবিক
হামলার চার দিন পর আজ বৃহস্পতিবার দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর আসনের সাংসদ ছায়েদুল হক ঘটনাস্থল পরিদর্শনে যান। তিনি উপজেলা সদরের চারটি সর্বজনীন মন্দির, কয়েকটি পারিবারিক মন্দির ও ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন। তিনি দাবি করেন, সব স্বাভাবিক আছে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল, মঙ্গলবার দিবাগত রাতে মন্ত্রী নাসিরনগর উপজেলা সদরের ডাকবাংলোতে ওঠেন। আজ বেলা একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
বেলা দুইটার দিকে উপজেলা সদরের গৌর মন্দির প্রাঙ্গণে এক সমাবেশে মন্ত্রী ছায়েদুল হক বলেন, ‘আকস্মিকভাবেই হোক আর যেভাবেই হোক, দুঃখজনক ঘটনা ঘটেছে। এর জন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি।’ তিনি বলেন, হামলায় অংশ নেওয়া প্যান্ট-শার্ট পরা যুবকদের খুঁজে বের করতে হবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবশ্যই বিচার করা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। ক্ষতিগ্রস্ত মন্দির ও পরিবারের তালিকা তৈরি করা হচ্ছে। প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মন্ত্রী ক্ষোভের সঙ্গে বলেন, ‘সাংবাদিকেরা আমার বিরুদ্ধে লিখতেছেন। সব আমার বিরুদ্ধে লেখেন। সরকার যে পরিস্থিতি টেকেল দিল, সাহায্য দিল, তা লেখেন না।’ তিনি দাবি করেন, ‘সব স্বাভাবিক রয়েছে।’ মানবাধিকারকর্মী সুলতানা কামালের নাম উল্লেখ করে মন্ত্রী ছায়েদুল হক ক্ষোভের সঙ্গে বলেন, ‘তাঁরা যে আসলো, আমার সাথে দেখা করল না কেন? আমি তো ডাকবাংলায় ছিলাম। তারা যে দেখা করল না, তথ্য পাবে কোথায়?’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ টি এম মনিরুজ্জামান, সভাপতি (জেলা কমিটি কর্তৃক বহিষ্কৃত) রাফি উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, গৌর মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র চৌধুরী প্রমুখ।
আরও একজন গ্রেপ্তার
নাসিরনগরে মন্দির ও বসতবাড়িতে হামলার ঘটনায় পুলিশ মহিউদ্দিন (৩০) নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে। মহিউদ্দিন উপজেলার চাপরতলা ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তাঁকে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশের ভাষ্য, রোববারের ঘটনার ভিডিও চিত্র দেখে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা দুটি মামলায় অজ্ঞাতনামা আসামির সংখ্যা ২ হাজার ৪০০ জন।
রসরাজ দাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননাকর ছবি পোস্ট করার অভিযোগে শনিবার গ্রেপ্তার হওয়া রসরাজ দাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ব্রাহ্মণবাড়িয়ার বিচারিক হাকিম আদালতের বিচারক সুলতান সোহাগ উদ্দিন এ আদেশ দেন।
নতুন তদন্ত কমিটির কাজ শুরু
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. শাখাওয়াত হোসেনকে প্রধান করে গঠিত চার সদস্যের তদন্ত দল আজ থেকে তাঁদের তদন্তকাজ শুরু করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করীম প্রথম আলোকে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদিরকে প্রত্যাহারের কথা নিশ্চিত করলেও আজ বিকেল পর্যন্ত তাঁকে উপজেলা সদরে মন্ত্রীর আশপাশেই দেখা গেছে।
নাসিরনগরে হামলার ঘটনায় বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরে জেলা বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ হয়েছে। সমাবেশে সংগঠনের জেলা কমিটির সভাপতি মুনতাসির আহমদ ৩০ অক্টোবরকে নাসিরনগর কালো দিবস ঘোষণার দাবি জানান।