মন্ত্রী চাইলেন ভোট, চাল-টাকা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের পক্ষে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী ভোট চেয়েছেন।
এদিকে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষ থেকে ভোটারদের মধ্যে চাল ও টাকা বিতরণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ছাড়া বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী শতাধিক গাড়িতে করে বিভিন্ন এলাকা থেকে লোকজন জড়ো করে জনসভা করেছেন। ৩১ মার্চ এ উপজেলায় নির্বাচন হতে যাচ্ছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, সমাজকল্যাণমন্ত্রী মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সাংসদ সৈয়দ মহসীন আলী ব্যক্তিগত সফরে গত মঙ্গলবার বিকেলে উপজেলার ফুলতলা ইউনিয়নে অবস্থিত হযরত শাহ্ নিমাত্রার (রহ.) মাজার জিয়ারত করতে যান। এ উপলক্ষে তাঁকে রত্না, রাজকি ও ফুলতলা চা-বাগানে শ্রমিকদের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়। এসব অনুষ্ঠানে বক্তব্যের ফাঁকে তিনি চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান এম এ মুমিত, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কিশোর রায় চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রঞ্জিতা শর্মার জন্য ভোট চান।
এলাকার অনেকে জানান, বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী নাসির উদ্দিন আহমদের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় তিন-চার দিন ধরে চাল ও টাকা বিতরণ করা হচ্ছে। নাসির উদ্দিনের এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে গতকাল বুধবার বিকেলে খাতার তালিকা দেখিয়ে জানান, মঙ্গলবার শিলুয়া বাগানের ১২০ জন শ্রমিককে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যদেরও দেওয়া হবে। বিএনপির এক নেতা জানান, উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় নিয়োজিত নাসিরের কর্মীদের প্রতিদিন ৩০০ টাকা করে দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল বিকেল চারটার দিকে উপজেলা সদরের শিশুপার্ক চত্বরে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী আছাদ উদ্দিনের সমর্থনে ‘নির্বাচনী জনসভার’ আয়োজন করা হয়।
সমাজকল্যাণমন্ত্রী প্রথম আলোকে বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে চা-শ্রমিকদের উদ্দেশে তিনি কিছু কথাবার্তা বলেছেন। আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি।
নাসির উদ্দিন আহমদ চাল ও টাকা বিতরণের অভিযোগ অস্বীকার করেন।