মন্ত্রী চিঠি বের করে দেখালেন, সাংসদ আবারও বললেন জানেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যার ঘটনাকে কেন্দ্র করে গতকাল শনিবার রাজশাহীতে দুজন মন্ত্রী আসেন। কিন্তু মন্ত্রীদের অনুষ্ঠানে রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশাকে সরকারিভাবে জানানো হয়নি বলে সাংবাদিকদের জানিয়েছিলেন।
গতকাল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাঁর সফরসূচি বের করে দেখান, তাতে সাংসদ ফজলে হোসেন বাদশার নাম রয়েছে। গতকাল প্রথম আলোতে ‘দুই মন্ত্রী যাচ্ছেন আজ, সাংসদ থাকছেন না’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। গতকাল অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী প্রথম আলোর প্রতিবেদককে তাঁর সফরসূচির একটি কপি ধরিয়ে দেন। সাংসদ ফজলে হোসেন বাদশার অস্বীকৃতির বিষয়ে তিনি বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে একই সফরসূচি পাঠানো হয়েছে। গতকাল বিকেলে ফজলে হোসেন বাদশা প্রথম আলোকে আবার বলেন, তাঁকে জানানো হয়নি। তিনি জানেন না। গতকাল সন্ধ্যায় রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন বলেন, নিয়ম অনুযায়ী সফরসূচির অনুলিপি যাঁদের দেওয়ার কথা তাঁদের ‘এন্ডোর্স’ করে দেওয়া হয়। এতে কোনো ভুল হওয়ার কথা নয়।