মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার ঢাকা ও কুমিল্লার আদালতে দুটি মানহানির মামলা করা হয়েছে। এ ছাড়া খুলনার আদালতে তাঁর বিরুদ্ধে সকালে একটি অভিযোগ করার পর বিকেলে তা প্রত্যাহার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হিন্দুদের ওপর হামলার ঘটনায় দেওয়া ‘আপত্তিকর মন্তব্য’ এবং ইউপি নির্বাচনে টাকার বিনিময়ে মনোনয়ন দেওয়াসংক্রান্ত বক্তব্যের অভিযোগে ওই মামলা ও অভিযোগ করা হয়।
আদালত প্রতিবেদক জানান, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ছায়েদুল হকের বিরুদ্ধে মামলা করেন আইনজীবী আমিনুল ইসলাম। মামলাটি গ্রহণ হবে কি না, এ বিষয়ে ১৪ নভেম্বর আদেশের দিন ধার্য করেছেন ঢাকা মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ।
আরজিতে বলা হয়, ৭ নভেম্বর ছায়েদুল হক ব্রাহ্মণবাড়িয়ায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, হরিপুর ও গোকর্ণ ইউপি নির্বাচনের সময় সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী ৭৫ লাখ ও সাধারণ সম্পাদক আল মামুন সরকার ৪০ লাখ টাকার বিনিময়ে প্রার্থী মনোনয়ন দিয়েছেন। বাদী ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সদস্য হওয়ায় তাঁর মানহানি হয়েছে, তাই মামলা করেন।
কুমিল্লা থেকে নিজস্ব প্রতিবেদক জানান, নাসিরনগরের হামলার ঘটনায় হিন্দুদের নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করার অভিযোগে কুমিল্লার আদালতে ছায়েদুল হকের বিরুদ্ধে মানহানির অভিযোগে কুমিল্লার ১ নম্বর আমলি আদালতে মামলা করেন বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সুবীর নন্দী। জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোস্তাইন বিল্লাহ মামলাটি তদন্ত করে ২৩ জানুয়ারি প্রতিবেদন দিতে কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দেন।