শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘আমি মন্ত্রী না থাকলেও আগামী ১ জানুয়ারি তিন কোটি শিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যে বই পৌঁছে দেব।’
গতকাল রোববার দুপুরে গাজীপুরের শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজের (সাবেক শ্রীপুর ডিগ্রি বিশ্ববিদ্যালয় কলেজ) অনার্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। এর আগে তিনি কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ও নবনির্মিত অনার্স ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশে সস্তায় উচ্চশিক্ষা লাভ করা যায়। সব ক্ষেত্রে এখন ইন্টারনেটের প্রচলন শুরু হয়েছে। এটাই তো ডিজিটাল বাংলাদেশ।’
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জামিল হাসানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুন্নবী আকন্দের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের স্থানীয় সাংসদ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রহমত আলী, জেলা প্রশাসক নূরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারিছ উদ্দিন আহমেদ প্রমুখ।