মন্ত্রী-প্রতিমন্ত্রী পেয়েছে উন্নয়ন পায়নি বেড়া!
পাবনার বেড়া উপজেলা থেকে গত ৪৪ বছরে নয়জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী হয়েছেন। কিন্তু এই উপজেলায় কোনো সরকারি কলেজ বা সরকারি উচ্চবিদ্যালয় নেই। উপজেলার উন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে এই তথ্য দিয়েছেন এখানকার জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা।
তবে আওয়ামী লীগের নেতারা বলেছেন, মহাজোট সরকারের সময়ে বৃশালিখায় ৭০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র হয়েছে, নগরবাড়িতে মেরিন একাডেমি হয়েছে, আমিনপুর থানা প্রতিষ্ঠা হয়েছে। এ ছাড়া ঈশ্বরদী থেকে বেড়ার ঢালারচর পর্যন্ত রেলপথ স্থাপনের কাজ শুরু হয়েছে।
আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদে এ উপজেলা থেকে কেউ মন্ত্রী পরিষদে স্থান পাননি। যদিও আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের আগের মেয়াদে (২০০৮-২০১৪) এ উপজেলার তিন ব্যক্তি মন্ত্রী-প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছিলেন। তাঁরা হলেন: পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান মির্জা আবদুল জলিল।
এর আগে বেড়াবাসী আরও ছয়জন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেয়েছিলেন। ১৯৭৯ সালে বেড়া থেকে জিয়াউর রহমান সরকারের নৌপরিবহন প্রতিমন্ত্রী ছিলেন মির্জা আবদুল হালিম। এরশাদ সরকারের সময় এ কে খন্দকার পরিকল্পনামন্ত্রী ও নাকালিয়া গ্রামের মেজর (অব.) মনজুর কাদের ত্রাণ ও পুনর্বাসন প্রতিমন্ত্রী ছিলেন। ১৯৯১ সালে খালেদা জিয়া সরকারের সংস্থাপন প্রতিমন্ত্রী হন ঘোপসেলন্দা গ্রামের ওসমান গণি খান (ওজি খান)। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ছিলেন আবু সাইয়িদ। বিগত চারদলীয় জোট সরকারের (২০০১-২০০৬) মন্ত্রী হন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী।
বেড়া বাজারের ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘নেতা-মন্ত্রী আমরা অনেক পেয়েছি। কিন্তু সেই তুলনায় উন্নয়ন পাইনি।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রইজউদ্দিন বলেন, ‘সত্যি কথা বলতে গেলে, উপজেলার সার্বিক উন্নয়নের চিত্র হতাশাজনক। তবে আমাদের গত দুটি মেয়াদে বেড়ার যথেষ্ট উন্নয়ন হয়েছে। আমরা বেড়ার দুঃখ বলে পরিচিত নদীভাঙন রোধ করতে পেরেছি। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ও নতুন রাস্তা আমাদের সময়ে হয়েছে। সেই তুলনায় বর্তমান সরকারের সময়ে নগরবাড়িতে মেরিন একাডেমি প্রতিষ্ঠা ছাড়া দৃশ্যমান আর কোনো উন্নয়ন নেই।’
বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের বলেন, ‘আসলে বিভিন্ন সময়ে আমরা যেভাবে মন্ত্রী পেয়েছি সেভাবে বেড়ার উন্নয়ন হয়নি এ কথা বলা যায়। তারপরও বলব বিগত কয়েকটি সরকারের মধ্যে আমাদের সময়েই সর্বোচ্চ উন্নয়ন হয়েছে।’