মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়মিত সংসদে যেতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জাতীয় সংসদ অধিবেশনে নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, সাংসদদের নিয়মিত সংসদ অধিবেশনে উপস্থিত থাকার কথা বললে তাঁরা বলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা তো সংসদে উপস্থিত থাকেন না। ঢাকায় থাকলে সবাইকে সংসদে উপস্থিত থাকতে হবে। এ ছাড়া সংসদ চলাকালে মন্ত্রিসভার সদস্যদের মন্ত্রণালয় বা বিভাগের কোনো কাজ থাকলে জাতীয় সংসদ ভবনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অফিসে বসতে বলেন প্রধানমন্ত্রী।
দ্রুত বিচার আইন ২০১৯ সাল পর্যন্ত: চারদলীয় জোট সরকারের আমলে জারি করা আলোচিত ‘দ্রুত বিচার আইন’ আরও পাঁচ বছর চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। ২০১৯ সালের ৭ এপ্রিল পর্যন্ত এ আইনের কার্যকাল বাড়ানো হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন-২০১৪’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, ২০১৯ সালের ৭ এপ্রিল পর্যন্ত দ্রুত বিচার আইনের কার্যকাল বাড়ানো হয়েছে। আগামী ৭ এপ্রিল এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এর আগে ২০০২ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে দ্রুত বিচার আইন জারি করে দুই বছরের জন্য তা কার্যকর করা হয়। পরে ২০০৪, ২০০৬ এবং ২০১২ সালে এর কার্যকারিতা বাড়ানো হয়।
মন্ত্রিপরিষদের সচিব জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চার বছরের জন্য আইনটির কার্যকাল বাড়ানোর প্রস্তাব করলেও মন্ত্রিসভা গুরুত্ব বিবেচনা করে পাঁচ বছরের জন্য মেয়াদ বাড়িয়েছে। মন্ত্রিসভার সায় পাওয়ায় যাচাইবাছাই শেষে চূড়ান্ত অনুমোদনের জন্য আইনটি সংসদে তোলা হবে। দ্রুত বিচার আইন অনুযায়ী, গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার প্রয়োজনীয়সংখ্যক দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থাপন করতে পারবে। ওই প্রজ্ঞাপনেই ট্রাইব্যুনালের এখতিয়ারের বিষয়টি বলা থাকবে। এর বিচারক হবেন জেলা জজ পর্যায়ের একজন কর্মকর্তা। সরকারনির্ধারিত যেকোনো স্থানে ট্রাইব্যুনাল বসানো যাবে।