মন্ত্রী ফিজারের পদত্যাগ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দুদের সম্পত্তি দখলের অভিযোগে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ।
‘হিন্দু সম্পত্তি দখল: প্রতিবাদ করায় পরিষদের সভাপতি কাজল দেবনাথের নামে মন্ত্রীর পাঠানো উকিল নোটিশ প্রত্যাহারের’ দাবিতে গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের নেতারা এ কথা বলেন। তাতে বলা হয়, সাত দিনের মধ্যে নোটিশ প্রত্যাহার না হলে আবার আন্দোলন শুরু হবে।
মানববন্ধন ও উকিল নোটিশ প্রত্যাহারের ব্যাপারে গতকাল রাতে যোগাযোগ করা হলে মোস্তাফিজুর রহমান ফিজার প্রথম আলোকে বলেন, ‘ওনারা (কাজল দেবনাথ ও অন্যরা) কোনো কারণ ছাড়াই জমিজমা দখলের অভিযোগ করেছিলেন। আমি বলেছিলাম অভিযোগ মিথ্যা, তাঁরা ভুল স্বীকার করুন। কিন্তু তাঁরা তা করেননি বলে উকিল নোটিশ দিয়েছি। তাঁরাই এখন নোটিশ প্রত্যাহারের জন্য আলটিমেটাম দিচ্ছেন। তাঁরা কি আইনের ঊর্ধ্বে থাকতে চান? আমার মনে হয় তাঁরাই ক্ষমতার অপব্যবহার করছেন।’
গতকালের মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ৫৫টি ভূমিহীন হিন্দু পরিবারের জমি দখলের চেষ্টা করছেন মন্ত্রী ও তাঁর খালাতো ভাই এমদাদ। এর প্রতিবাদ করায় কাজল দেবনাথকে অহেতুক হয়রানি করা হচ্ছে। তাঁরা বলেন, সংখ্যালঘু জনগণ কোনোভাবেই এটা মেনে নেবে না।
মানববন্ধনে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, ‘আমরা এটাকে উকিল নোটিশ মনে করি না। এটা হচ্ছে হয়রানিমূলক। গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে, কিন্তু এগুলো গণতন্ত্র প্রতিষ্ঠাকে বাধা দিচ্ছে।’ তিনি বলেন, যদি এই নোটিশ প্রত্যাহার করা না হয়, তাহলে সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে।
ঘটনার প্রত্যক্ষদর্শী পদ্মাবতী দেবী বলেন, সম্পত্তি দখলের সেই চেষ্টা ছিল বিভীষিকাময়। হিন্দুদের বাড়িঘর, গরু-ছাগল পুড়িয়ে দিয়েছে, মহিলাদের অকথ্য ভাষায় গালাগাল করেছে। এখনো অনেকে অবরুদ্ধ অবস্থায় আছেন, তাঁদের উদ্ধারের ব্যবস্থা করা দরকার।
পূজা উদ্যাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তাপস কুমার পাল বলেন, ‘প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ফিজার তাঁর খালাতো ভাই এমদাদকে নিয়ে হিন্দুদের জায়গা দখল করছেন। প্রধানমন্ত্রীর কাছে আহ্বান, এই মন্ত্রীকে অপসারণ করুন।’
মানববন্ধনে বক্তব্য দেন পরিষদের বিভাগীয় সম্পাদক কিশোর মণ্ডল, রামপুরা থানার সভাপতি সুদীপ্ত দাশ, সংগঠনের নেতা নির্মল কুমার চ্যাটার্জি, জে এল ভৌমিক, মিলন দত্ত, সুব্রত চৌধুরী প্রমুখ।