মন্ত্রী ফেসবুকে জানলেন বেহাল সড়কের খবর ঠিক নয়!
‘ফেসবুকে (সামাজিক যোগাযোগের মাধ্যম) অনেকেই আমাকে জানিয়েছে গণমাধ্যমে যে খারাপ রাস্তার কথা উঠে এসেছে, তা ঠিক নয়। তাই অপপ্রচারের সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসা উচিত।’গতকাল বুধবার রেলভবনে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ‘মানুষের ঘরে ফেরা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাসহ স্বাভাবিক ও বিশেষ ট্রেন-সার্ভিস পরিচালনা’ বিষয়ক সভার আগে মন্ত্রী এ কথা বলেন। তিনি দাবি করেন, কোনো জাতীয় বা আঞ্চলিক মহাসড়ক বেহাল নেই। কিছু কিছু জায়গায় তুলনামূলক খারাপ অবস্থা রয়েছে। তবে সেগুলো যানবাহন চলাচলযোগ্য করা হয়েছে। জেলা সড়কে করুণ দশা থাকলেও তা সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে।ওবায়দুল কাদের সাংবাদিকদের উদ্দেশ করে বলেন, ঈদের আগে বেহাল রাস্তার কথা বললে আতঙ্ক সৃষ্টি হবে, এর ফলে ট্রেনের ওপর চাপ বাড়বে। মফস্বল থেকে সড়ক বা মহাসড়ক নিয়ে কোনো প্রতিবেদন এলে, তা যাচাই করে প্রকাশ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। বিশেষ ট্রেন-সার্ভিস পরিচালনার বিষয়ে মন্ত্রী বলেন, ঈদের তিন দিন আগ থেকে সাত জোড়া বিশেষ ট্রেন চালু করা হবে। ঈদের দুই দিন পর থেকে টানা সাত দিন এসব বিশেষ ট্রেন চলবে। এ ছাড়া ১৫০টি পুরোনো কোচ সংস্কার করে সংযোজন করা হচ্ছে।