মন্ত্রী বললেন, পদক্ষেপ উসকানিমূলক খবর প্রচারের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৩৫টি ওয়েব পোর্টাল বন্ধ করে দেওয়ার কারণ হিসেবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবিরোধী অভিযান নিয়ে বিভ্রান্তিকর ও উসকানিমূলক খবর বা বক্তব্য প্রচারের অভিযোগে গোয়েন্দা সংস্থা ও পুলিশের পরামর্শে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার রাতে বিবিসি বাংলাকে মন্ত্রী এসব কথা বলেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এই অনলাইন নিউজ পোর্টালগুলোর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিবেদন ছিল।’ তবে প্রতিবেদনে এই ওয়েব পোর্টালগুলোর বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হয়েছিল, জানতে চাইলে তিনি বিস্তারিত কিছু বলতে রাজি হননি।
টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে গত বৃস্পতিবার সকালে ‘শীর্ষনিউজবিডি ডটকম’ ও ‘আমারদেশঅনলাইন ডটকম’সহ ৩৫টি ওয়েবসাইট বন্ধে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটরদের নির্দেশ দেওয়া হয়। সেদিন দুপুর থেকেই এটি কার্যকর হতে শুরু করে।
নাম প্রকাশ না করার শর্তে একটি আইআইজি প্রতিষ্ঠানের কর্মকর্তা এ বিষয়ে বলেন, ‘বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আমাদের কাছে বিটিআরসি থেকে বন্ধ করে দেওয়ার নির্দেশনা-সংবলিত ৩৫টি ওয়েবসাইটের তালিকা পাঠানো হয়। সেই অনুসারে কিছুক্ষণের মধ্যে এই ওয়েব লিংকগুলো বন্ধ করে দেওয়া হয়।’
এই তালিকা অনুসারে বন্ধ করে দেওয়া অন্য ওয়েব পোর্টালগুলো হচ্ছে শীর্ষখবর, দিনকালঅনলাইন, আরটিনিউজ২৪, হককথা, আমরাবিএনপি, রিয়েল-টাইমনিউজ, বিনেশন২৪, নেশননিউজবিডি, ভোরেরআলাপ, বাংলাপোস্ট২৪, ডেইলিটাইমস২৪, মাইনিউজবিডি, লাইভখবর, রিখান, নতুনেরডাক, সিলেটভয়েস২৪, সময়বাংলা, প্রথম-নিউজ, বাংলালেটেস্টনিউজ, বিডিমনিটর, বিডিআপডেটনিউজ২৪, নিউজডেইলি২৪বিডি, অন্যজগৎ২৪, আমারবাংলাদেশ-অনলাইন, দেশ-বিডি, ক্রাইমবিডিনিউজ২৪, নতুনসকাল, অনবি২৪, সারাবাংলা, পার্সটুডে, উইকলিসোনারবাংলা ও ২৪বাংলানিউজব্লগ।
বন্ধ হয়ে যাওয়া নিউজ পোর্টাল শীর্ষনিউজের সম্পাদক একরামুল হক গতকাল প্রথম আলোকে বলেন, ‘কী অভিযোগের ভিত্তিতে আমাদের ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হলো, সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। আমরা মনে করি সরকার এভাবে সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।’
মুদ্রিত সংবাদপত্র আমার দেশ-এর প্রকাশনার অনুমোদন কয়েক বছর আগে বাতিল করা হয় ধর্মীয় উসকানি দেওয়ার অভিযোগে। এরপর এটি শুধু অনলাইন সংবাদপত্র হিসেবে চালু ছিল। এটিও বন্ধ করে দেওয়ার পর আমার দেশ-এর সাবেক বার্তা সম্পাদক জাহিদ চৌধুরী বলেন, ‘আমারদেশঅনলাইন তো আর পাঁচটা অনলাইনের মতোই চলছিল। বিতর্কিত কিংবা আক্রমণাত্মক কোনো কিছু এখানে ছিল না। তাহলে এটা কেন বন্ধ করা হলো, সেটা বুঝতে পারছি না।’
এদিকে এই ৩৫টি নিউজ পোর্টাল বন্ধের সিদ্ধান্তকে সরকারের ‘অগণতান্ত্রিক পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নেতারা। এ বিষয়ে গতকাল সংগঠন দুটির যৌথ বিবৃতিতে বলা হয়, ‘এই পদক্ষেপ মুক্ত গণমাধ্যম ও ভিন্নমতের প্রতি সরকারের চরম অসিহষ্ণু মনোভাবের বহিঃপ্রকাশ।’