মন্ত্রী বললেন বাতিল অপেক্ষায় রাজউক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের নামে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বরাদ্দ দেওয়া প্লট বাতিল করা হয়েছে।’ গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন গতকাল বুধবার এ সিদ্ধান্তের কথা বললেও রাজউক এ বিষয়ে এখনো কোনো নোটিশ জারি করেনি। যেসব প্লটে ভবন উঠেছে, সেগুলো কোন প্রক্রিয়ায় নেওয়া হবে, সে বিষয়ে কেউ কিছু জানে না।
গতকাল বুধবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজউকের সঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী বলেন, একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের রাজউকের বরাদ্দকৃত প্লট বাতিল করা হয়েছে।
রাজউকের সব সিদ্ধান্তের অনুমোদন দেয় পরিচালনা পর্ষদ। মন্ত্রীর এই বক্তব্যের পর রাজউকে খোঁজ নিয়ে জানা যায়, পরিচালনা পর্ষদে প্লট বাতিলের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সরকার চাইলেই ফাঁসি কার্যকর হওয়া জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বনানীর, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের উত্তরার ও দেলাওয়ার হোসাইন সাঈদীর পূর্বাচলের প্লট বাতিলের প্রক্রিয়া শুরু হবে। এ ছাড়া বঙ্গবন্ধুর দুই খুনি নূর চৌধুরী ও শরিফুল হক ডালিমের গুলশানের প্লটটিও বাতিল করা হবে।
এ বিষয়ে জানতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকারের সঙ্গে গতকাল সন্ধ্যায় যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। আর রাজউকের চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি আজই (গতকালই) যোগ দিয়েছি। এ বিষয়ে আমি এখনই কিছু বলতে পারব না।’
রাজউকে খোঁজ নিয়ে জানা যায়, জোট সরকারের শেষ সময়ে রাজধানীর বনানী ও উত্তরায় পাঁচ কাঠা আয়তনের দুটি সরকারি প্লট দেওয়া হয় তৎকালীন দুই মন্ত্রী নিজামী ও মুজাহিদকে। পরে মিশন ডেভেলপার লিমিটেড বনানীর জে ব্লকের ১৮ নম্বর সড়কের ৬০ নম্বর প্লটে নিজামীর প্লটে এবং উত্তরার ১১ নম্বর সেক্টরের ১০ নম্বর সড়কের ৫ নম্বর প্লটে মুজাহিদের ছয়তলা ভবন নির্মাণ করে। চুক্তি অনুযায়ী ভবনের অর্ধেক ফ্লোর পান দুই জামায়াত নেতা, বাকি অর্ধেক পায় নির্মাতা প্রতিষ্ঠান।
গতকাল বিকেলে সরেজমিনে দেখা যায়, বনানীর ঝিলপাড়ে নিজামীর প্লটে ছয়তলা একটি বাড়ি উঠেছে। বাড়ির নাম ‘মিশন নাহার’। জানা গেছে, নির্মাতা প্রতিষ্ঠান ‘মিশন’ আর নিজামীর স্ত্রী শামসুন নাহার নিজামীর নাম থেকে ভবনটির নামকরণ করা হয়। উত্তরায় মুজাহিদের প্লটেও পাঁচতলা বাড়ি। এই বাড়ির নাম ‘মিশন তামান্না’।
প্লটে ভবন নির্মাণের পর কীভাবে বাতিল হবে, সেই ব্যাখ্যায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন গতকাল ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘ডেভেলপারের তো কোনো দোষ নেই। ডেভেলপারের অংশ ডেভেলপার নিয়ে নেবে, বাকি অংশ আমরা নিয়ে নেব।’ তবে দুই আলবদর নেতার মালিকানাধীন ফ্ল্যাটগুলো বাজেয়াপ্ত হলে সেগুলো কীভাবে ব্যবহৃত হবে, তা জানাননি তিনি। কোন কোন মানবতাবিরোধী অপরাধীর প্লট বরাদ্দ বাতিল হয়েছে, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘মানবতাবিরোধী অপরাধী তো অনেকেই আছে। যাদের নামে প্লট আছে, সবগুলো আমরা নিয়ে নিচ্ছি।’
প্লট বাতিল বা ফ্ল্যাট বাজেয়াপ্তের কোনো নির্দেশনা পেয়েছেন কি না, জানতে চাইলে জামায়াত নেতা মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘আমাদের এ ধরনের কোনো নোটিশ দেওয়া হয়নি। আর ওইটা তো এখন প্লট নেই। বাড়ি উঠে গেছে। আমরা চারটি ফ্ল্যাট পেয়েছি। বাকিগুলো নির্মাতা প্রতিষ্ঠান নিয়ে বিক্রি করে দিয়েছে। এখন কীভাবে এগুলো নেওয়া হবে? কোন আইনে? আর এ ক্ষেত্রে তো আইনি জটিলতা হবে। আমরা আসলে এসব বিষয়ে কিছুই জানি না।’
কোন প্রক্রিয়ায় প্লট বাতিল করা হবে, সে বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক রাজউকের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, দ্রুত ফাইল তৈরি করে আগামী বোর্ড সভায় সেটি উপস্থাপন করা হবে। আরেক কর্মকর্তা বলেন, বুধবারই (গতকাল) এ-সংক্রান্ত ফাইল তৈরি করা হবে। এ বিষয়ে জানতে রাজউকের মুখপাত্র শাহ আলম চৌধুরী বলেন, ‘আমি এ বিষয়ে কিছু বলতে পারব না। তবে যত দূর জানি, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’
স্বাধীনতাবিরোধীদের মূল্যবান সরকারি সম্পত্তি বরাদ্দ দেওয়া নিয়ে অনেক আগে থেকেই প্রতিবাদ চলছে। মানবতাবিরোধীদের সাজার পর এই প্লটগুলোর বরাদ্দ বাতিলের দাবি জানিয়েছিল ঘাতক দালাল নির্মূল কমিটি। গতকাল মন্ত্রীর বক্তব্যের পর জানতে চাইলে ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির প্রথম আলোকে বলেন, ‘যুদ্ধাপরাধীদের সরকারি সম্পত্তি দেওয়া জঘন্য অপরাধ। আমরা এই সম্পত্তি বাতিল ও বাজেয়াপ্ত করে মুক্তিযুদ্ধে যাঁরা ক্ষতির শিকার, তাঁদের দেওয়ার দাবি করছি। আমরা আশা করছি, সরকারের কথা শুধু কথা হিসেবে থাকবে না, এটি বাস্তবায়িত হবে।’