মন্ত্রী বা সাংসদপুত্র যে-ই হোক, ছাড় না দেওয়ার আহ্বান
মন্ত্রী বা সাংসদপুত্র যে-ই হোক, কেউ দুর্নীতিতে জড়িয়ে পড়লে তাকে ছাড় না দেওয়ার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মন্ত্রী বলেন, দুর্নীতিবাজদের সঙ্গে গণমাধ্যমের লেনদেনের সম্পর্ক থাকলে দুর্নীতি প্রতিরোধ বা দমন কঠিন। গণমাধ্যমের সততা ও বলিষ্ঠতার ওপর প্রশাসনের মান নির্ভর করছে।
গতকাল রোববার পিআইবি মিলনায়তনে ‘দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম পুরস্কার বিতরণী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। পিআইবি ও দুদক এ পুরস্কারের প্রবর্তন করেছে।
এ বছর পুরস্কারপ্রাপ্তরা হলেন যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজ-এর জ্যেষ্ঠ প্রতিবেদক ফয়সাল ইসলাম, দৈনিক যুগান্তর-এর জ্যেষ্ঠ প্রতিবেদক মুজিবুর রহমান, চ্যানেল ২৪-এর নিজস্ব প্রতিবেদক শামীমা সুলতানা ও মাছরাঙা টেলিভিশনের জ্যেষ্ঠ ক্যামেরা পারসন কামরুজ্জামান ফিরোজ। পুরস্কারপ্রাপ্তদের ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। এ ছাড়া তাঁরা জার্মানিতে গ্লোবাল মিডিয়া ফোরামে অংশ নেবেন।
সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে দুদকের কমিশনার নাসিরউদ্দিন আহমেদ, তথ্যসচিব মর্তুজা আহমেদ, ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত ও পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর বক্তব্য দেন।