মন্ত্রী মোশাররফের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিতে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোশাররফ হোসেন,আবদুল জলিল মণ্ডল
মোশাররফ হোসেন,আবদুল জলিল মণ্ডল

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের পক্ষে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনের ভোট চাওয়ার অভিযোগের সত্যতা পেয়েছেন চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কিংবা প্রয়োজনীয় নির্দেশনা দিতে গতকাল রোববার নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন তিনি।
এ ছাড়া চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি) কমিশনার আবদুল জলিল মণ্ডলকে নিরপেক্ষতা বজায় রাখতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে বিধি লঙ্ঘন করে ভোট চাওয়ায় সতর্ক করা হয়েছে মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিকেও। এর আগে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন গতকাল রাতে প্রথম আলোকে জানান, সম্প্রতি হালিশহরের এক মতবিনিময় সভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নাগরিক কমিটির প্রার্থীর উপস্থিতিতে তাঁর জন্য ভোট চান। এ ব্যাপারে করণীয় সম্পর্কে কমিশনের পরামর্শ চাওয়া হয়েছে।
২৯ মার্চ হালিশহরের একটি কমিউনিটি সেন্টারে ‘চট্টগ্রামস্থ সন্দ্বীপবাসী’র মতবিনিময় সভায় নাছিরের পক্ষে ভোট চান মোশাররফ হোসেন। ওই সভায় নিজের জন্য ভোট চাওয়ায় নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছিরকে গতকাল রিটার্নিং কর্মকর্তা সতর্ক করেছেন। তাঁকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।
সিএমপি কমিশনার সম্প্রতি এক সভায় বলেন, ‘যোগ্য প্রার্থী নির্বাচন করুন, না হলে আমাকে আবার ঝাড়ু হাতে নামতে হবে।’
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, সিএমপি কমিশনার সরল বিশ্বাসেই হয়তো কথাটি বলেছেন। এর পরও যেন তিনি কথায় ও কাজে নিরপেক্ষতা বজায় রাখেন, সে জন্য তাঁকে সতর্ক করা হয়েছে।
গতকাল জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী সোলায়মান আলম শেঠকে পোস্টার ও নির্বাচনী কার্যালয় স্থাপনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এ ছাড়া ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. শফিকুল ইসলামকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি মেজবান দিয়ে লোকজনকে দাওয়াত করে খাওয়াচ্ছিলেন বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আশরাফুল আলম। এ ছাড়া আরও সাত কাউন্সিলর পদপ্রার্থীকে গতকাল কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
নাছিরের ‘নির্বাচনী কৌশল’ ঠিক করতে গত ৩১ মার্চ পেনিনসুলা হোটেলে এক রুদ্ধদ্বার বৈঠক হয়। এতে গৃহায়ণমন্ত্রী ছাড়াও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উপস্থিত ছিলেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রুদ্ধদ্বার বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদার কর্মকর্তারা উপস্থিত থেকে নির্বাচনী কর্মকৌশল ঠিক করেন। তবে পেনিনসুলার বৈঠকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের উপস্থিতির কারণে আচরণবিধির লঙ্ঘন হয়েছে কি না, তা স্পষ্ট নয়। তাই এ নিয়ে নির্বাচন কমিশনের পরামর্শ চাওয়া হয়েছে।
হালিশহরের মতবিনিময় সভা ও পেনিনসুলার বৈঠকের অভিযোগের তদন্ত করেন যথাক্রমে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নাসির উদ্দিন চৌধুরী ও সহকারী মো. আলাউদ্দীন আল মামুন। দুই কর্মকর্তাই তাঁদের তদন্ত প্রতিবেদন গতকাল রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করেন। দুই কর্মকর্তাই প্রথম আলোর কাছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের সত্যতা খুঁজে পাওয়ার বিষয়টি স্বীকার করেন।
এদিকে চট্টগ্রাম নাগরিক আন্দোলনের ব্যানারে নির্বাচন করা বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলম আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রিটার্নিং কর্মকর্তার দেওয়া কারণ দর্শানো নোটিশের জবাব দিয়েছেন।