মন্ত্রী যদি এখানে আসতেন, শিশুদের আকুতি শুনতেন...

‘আমি জানি না, এখানে কোনো মন্ত্রীর পদার্পণ ঘটেছে কি না। যদি এখানে কোনো মন্ত্রী আসতেন, এই শিশুদের কান্না দেখতেন, তাদের মনের আকুতি শুনতেন! কারণ, রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যে পরিমাণ অর্থের অপচয় করা হয়, সেই পরিমাণ টাকা যদি এই প্রতিষ্ঠানের পেছনে ঢালা যেত, তাহলে এই শিশুদের ভাগ্যের পরিবর্তন হতো।’
রাজশাহীর বায়া নারী শিশু-কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসনকেন্দ্র পরিদর্শন শেষে আজ রোববার দুপুরে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান এ কথা বলেন।
রাজশাহীর নারী শিশু-কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসনকেন্দ্রের ধারণ ক্ষমতা হচ্ছে ৫০ জন। বর্তমানে এখানে থাকছে ৯৩ শিশু। কর্মচারী ১৩ জন থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র সাতজন। টিনশেডের ঘরে রাখা হয় শিশুদের। অনেক সময় বৃষ্টির পানি এসে ভিজিয়ে দেয় তাদের। খাবার তালিকায় কাগজে কলমে মাছ-মাংস, দুধ-ডিম থাকলেও খাবার টেবিলে তা মেলে না। শিশুদের নিম্নমানের চাল সরবরাহ করা হচ্ছে। পরিদর্শনকালে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। নিজে নাকে চালের গন্ধ শুঁকেন। আশ্রয়কেন্দ্রটি পরিদর্শনকালে অনেক শিশু মিজানুর রহমানকে দেখে কান্নাকাটি করে।
অপ্রাপ্ত বয়স্ক একটি মেয়ে মা-বাবার অনিচ্ছায় বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিল। দীর্ঘদিন থেকে মেয়েটি এই আবাসনকেন্দ্রে রয়েছে। আইনগত জটিলতার কারণে সে মা-বাবার কাছে ফিরতে চাইলেও পারছে না। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানকে পেয়ে সে কান্নাকাটি করে। হাতজোড় করে ভুল স্বীকার করে। মা-বাবার কাছে ফিরে যেতে চায়। মিজানুর রহমান নিজের ফোন থেকে তার বাবার সঙ্গে কথা বলেন। মেয়েটিকেও কথা বলিয়ে দেন। তিনি আইনগত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।
মানবাধিকবার কমিশনের চেয়ারম্যান বলেন, অনেক প্রতিবন্দ্বী শিশু এখানে রয়েছে। তারা নিজের ঠিকানা বলতে পারে না। অনেকে কথা বলতে পারে না। তাদের মনের ভাব বুঝতে হবে। তাদের চাহিদা অনুযায়ী সুযোগ সুবিধা দিতে হবে। কিন্তু এই প্রতিষ্ঠানের সেই সামর্থ্য নেই।
মানবাধিকার চেয়ারম্যান বলেন, ‘এখানে একটি শিশুর যত্ন নিতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে রাষ্ট্র একটা বড় দায়িত্বহীনতার পরিচয় দেয়। রাষ্ট্র যদি মানবিক না হয়, কর্মকর্তারা যদি মানবিক না হয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি মানবিক না হয়, তাহলে এখানকার পরিবেশ পরিবর্তন সম্ভব হবে না। কাগজে কলমে নয়, মন থেকে সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।’
মিজানুর রহমান যোগ করলেন, ‘এমন পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে শিশুরা মনে না করতে পারে যে তাদের ইচ্ছার বিরুদ্ধে এখানে আটকে রাখা হয়েছে। যদি ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা হয়, তাহলে তাদের স্বাধীনতা হরণ করা হয়। তাহলে এই ব্যবস্থা শিশুবান্ধব নয়। মানবাধিকার কমিশন কখনোই চায় না, যে ব্যবস্থা শিশু বান্ধব নয়, তা শিশুদের ক্ষেত্রে প্রয়োগ করা হোক।’