মন্ত্রী যাওয়ার পর সড়ক আবার বেহাল

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান আসবেন। তাই দৌলতদিয়া-খুলনা মহাসড়কের বিকল্প সড়কে তড়িঘড়ি করে কার্পেটিংয়ের কাজ করা হয়েছে। নৌমন্ত্রী চলে যাওয়ার পরই সড়কের পিচ গলে আস্তরণ উঠে পাথর বের হয়ে গেছে। পুরোনো গর্ত আবার দেখা দিয়েছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দাবি, বৃষ্টির কারণে সড়কে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট বিকল্প সড়কজুড়ে খানাখন্দ ও গর্ত। সংস্কারকাজের মাত্র দেড় বছরের মাথায় কার্পেটিং উঠে সড়কের পাথর বের হয়ে গেছে। এ নিয়ে গত ৮ জুলাই ‘সড়কটির আয়ু দেড় বছর!’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর সওজ জরুরিভাবে বিভাগীয় সংস্কারকাজ হিসেবে ভাঙা ও খানাখন্দ অংশে কার্পেটিং করে। কিন্তু কয়েক দিন পরই আবার সেসব জায়গায় আগের অবস্থা দেখা দিয়েছে।
সর্বশেষ গতকাল শুক্রবার দৌলতদিয়ায় যান নৌমন্ত্রী শাজাহান খান। তাঁর আগমন উপলক্ষে বিকল্প সড়কে আবারও কার্পেটিংয়ের কাজ করা হয়। কিন্তু পরদিনই তা উঠে যায়।
গতকাল দুপুরে দৌলতদিয়া ঘাট টার্মিনালে বিআইডব্লিউটিসি আয়োজিত তিনটি নতুন ইউটিলিটি ফেরির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বক্তব্য দেওয়ার সময় মন্ত্রী ঘাট এলাকার জরাজীর্ণ সড়কগুলো দ্রুত সংস্কারের নির্দেশ দেন। এ সময় সওজের কোনো কর্মকর্তা উপস্থিত না থাকায় জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামকে ঈদের আগেই সড়ক সংস্কারের নির্দেশ দেওয়া হয়। মন্ত্রী বলেন, ঈদের আগেই দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফেরিঘাট এলাকার যেসব সড়ক জরাজীর্ণ রয়েছে, তা দ্রুত মেরামত করতে হবে। তিনি বলেন, ফেরির সংখ্যা বাড়ালাম অথচ সড়কের অবস্থা যদি খারাপ থাকে তাহলে লাভ কী?
এই বক্তব্য দেওয়ার পর মন্ত্রী গাড়িবহর নিয়ে চলে যান। দুপুরের দিকে দেখা যায়, বিকল্প সড়কের পিচ গলে চল্টা ধরে উঠে পাথর বের হয়ে গেছে। বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এ সময় কয়েকজন গাড়িচালক বলেন, ‘সারা বছর কোনো খোঁজখবর নাই। ঈদ এলেই সড়ক ও জনপথ বিভাগের ব্যস্ততা বেড়ে যায়।’
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, তড়িঘড়ি করে মাঝে মাঝে সড়কে সংস্কারকাজ করায় স্থায়িত্ব থাকে না। কিছুদিন পরই পিচ, মাটি গলে কার্পেটিং উঠে পাথর-খোয়া বের হয়ে গর্ত তৈরি হচ্ছে। এতে করে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সওজ রাজবাড়ীর উপসহকারী প্রকৌশলী ও গোয়ালন্দ উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বলেন, জেলায় সড়ক মেরামতের জন্য মাত্র একটি ট্রাক রয়েছে। এই একটি ট্রাক দিয়েই পুরো জেলা ঘুরে কাজ করতে হয়। ঘাট এলাকার সব সড়কেই জরুরি সংস্কারকাজ করা হয়েছে। এমনকি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান আসার আগের দিনও দুই ড্রাম বিটুমিন দিয়ে নিজস্ব ও বাইরের শ্রমিক দিয়ে পুরো বিকল্প সড়কের সংস্কারকাজ করা হয়।
কামরুজ্জামান আরও বলেন, ‘এখন প্রায় প্রতিদিনই বৃষ্টি নামছে। একদিকে সংস্কারকাজ করছি, অন্যদিকে বৃষ্টি এসে সব শেষ করে দিচ্ছে। তা না হলে এক দিন পরই সড়ক নষ্ট হওয়ার কথা নয়। আমরাও লেগে আছি কাজে। দু-এক দিনের মধ্যে নষ্ট হওয়া সড়কের কাজ আবারও করা হবে।’