যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের বেঁধে দেওয়া তিন সপ্তাহ পার হওয়ার দুই মাস পরও নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-ডাঙ্গা সড়কটি এত দিন সংস্কার করা হয়নি। আজ রোববার যোগাযোগমন্ত্রীর ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগরে একটি পদচারী-সেতুর (ফুটওভারব্রিজ) ভিত্তিপ্রস্তর স্থাপনের খবরে তড়িঘড়ি করে সংস্কারকাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান হক ট্রেডার্স।স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ১০ নভেম্বর ওবায়দুল কাদের টঙ্গী-ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক সড়ক পরিদর্শন করেন। এ সময় তিনি ঘোড়াশাল-ডাঙ্গা আঞ্চলিক সড়কের করুণ অবস্থা দেখে স্থানীয় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী কর্মকর্তাকে সড়কটি সংস্কারের জন্য তিন সপ্তাহ সময় বেঁধে দেন।সওজের নরসিংদী কার্যালয় সূত্র জানায়, ঘোড়াশাল-ডাঙ্গা সড়কটি সংস্কারের জন্য দুটি প্যাকেজে দরপত্র আহ্বান করে সওজ বিভাগ। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত ঘোড়াশাল বাজারের অংশের দুই কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ১৯ লাখ টাকা ও বাকি সড়ক সংস্কারের জন্য ২৮ লাখ টাকা বরাদ্দ করা হয়। দরপত্র প্রক্রিয়া শেষে ১১ নভেম্বর হক ট্রেডার্সকে কার্যাদেশ দেওয়া হলেও এত দিন তাঁরা কাজ শুরু করেননি। তবে আজ সকালে যোগাযোগমন্ত্রীর আগমন উপলক্ষে গত শুক্রবার থেকে তাঁরা ওই সড়কের সংস্কারকাজ শুরু করেন। গতকাল শনিবার ঘোড়াশাল-ডাঙ্গা, ঘোড়াশাল-পলাশ সড়কসহ পলাশ উপজেলার একাধিক সড়ক ঘুরে দেখা যায়, সংস্কারের অভাবে সড়কগুলো যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বেশির ভাগ অংশের পিচ উঠে যাওয়ায় সড়কের মধ্যে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গত ১০ নভেম্বর পলাশের বিভিন্ন সড়ক পরিদর্শনে আসেন যোগাযোগমন্ত্রী। এ কারণে উপজেলার প্রধান সড়ক ঘোড়াশাল-পলাশ সড়কটিতে নামমাত্র কিছু সংস্কার করা হয়। অল্প কয়েক দিনের মধ্যে সড়কটি আগের অবস্থায় ফিরে যায়।ব্যবসায়ী আবদুর রহমান জানান, পৌরসভার নালা ভরাট হয়ে যাওয়ায় শুকনো মৌসুমেও ঘোড়াশাল-ডাঙ্গা সড়কে পানি লেগে থাকে। এতে সড়কে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। এখানে প্রতিদিনই দু-তিনটি দুর্ঘটনা ঘটছে।প্রাণ আরএফএল কোম্পানির কাভার্ড ভ্যানের চালক সুলতান মিয়া বলেন, ‘এই রাস্তা দিইয়্যা প্রত্যেক দিন বিভিন্ন কলকারখানার শ শ ক্যাভার্ড ভ্যান ও ট্রাক যাওয়া-আসা করে। কিন্তু রাস্তা ভাঙাচোরা হওয়ায় আমাগর অনেক কষ্ট পোহাতে হয়।’হক ট্রেডার্সের ব্যবস্থাপক সাখাওয়াত হোসেন বলেন, ‘শুক্রবার থেকে কাজ শুরু করেছি। দরপত্র-প্রক্রিয়া শেষে মালামাল এনে কাজ শুরু করতে একটু দেরি হয়ে গেছে।’সওজ বিভাগের (নরসিংদী) নির্বাহী প্রকৌশলী মোহর আলী বলেন, ‘সড়ক সংস্কার একটি ধীরগতির কাজ। এটা বললেই করা যায় না। মন্ত্রী আমাদের একটি সময় বেঁধে দিয়েছিলেন, যা সংস্কারের জন্য খুবই নগণ্য। এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান সংস্কারকাজ শুরু করেছে।’