মন্ত্রী-সচিব পর্যায়ে দুর্নীতি না থাকলে নিচের দিকে থাকে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিএসসির সাবেক চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব সা’দত হোসাইন গতকাল রোববার এক সেমিনারে বলেছেন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সচিব ও যুগ্ম সচিব পর্যায়ে দুর্নীতি না থাকলে নিচের দিকে দুর্নীতি থাকে না।
একই সেমিনারে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, প্রশাসনে দক্ষতা ব্যবস্থাপনা পদ্ধতি চালু করতে হলে কর্মকর্তাদের তদবির সংস্কৃতি পরিহার করতে হবে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি হতে হবে।
‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও তথ্য কমিশনের কার্য সম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি (পিএমএস)’-বিষয়ে সেমিনার আয়োজন করে ব্র্যাকের ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট। রাজধানীর একটি হোটেলে। বিশ্বব্যাংক ছিল এ সেমিনারের সহযোগী ।
তথ্যমন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তির কারণে এখন একটি কাচের ঘর তৈরি হচ্ছে। সুতরাং, প্রশাসনের কর্মকর্তা সাবধান।
মূল প্রবন্ধ পড়েন সা’দত হোসাইন। প্রবন্ধের বিষয়ে অতিথিদের পক্ষ থেকে করা প্রশ্নের জবাবে সা’দত হোসাইন বলেন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সচিব ও যুগ্ম সচিব পর্যায়ের দুর্নীতি না থাকলে নিচের দিকে দুর্নীতি থাকে না। পিএসসির চেয়ারম্যান, সদস্য, পরিচালক ও উপপরিচালক পর্যায়ে প্রশ্নপত্র ফাঁস না হলে নিচের স্তরে তা হয় না। আগে এই চার পর্যায়ে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে।
পিএসসির বর্তমান চেয়ারম্যান ইকরাম আহমেদ বলেন, গত কয়েক বছর পিএসসিতে কোনো প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি। পিএসসির সচিব শাহজাহান আলী মোল্লা ডিজিটাল পদ্ধতিতে প্রশ্ন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পরীক্ষা-পদ্ধতি সংস্কার করে আঞ্চলিক পর্যায়ে পরীক্ষা নেওয়া হবে।
ব্র্যাকের ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক সুলতান হাফিজ রহমানের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা, তথ্য কমিশনার খুরশিদা বেগম সাঈদ, তথ্যসচিব মরতুজা আহমদ প্রমুখ।