মন্ত্রী-সাংসদকে অভ্যর্থনা জানাতে ক্লাস বন্ধ চার বিদ্যালয়ের
মন্ত্রী ও সাংসদ আসবেন। এ জন্য চারটি বিদ্যালয়ের ক্লাস বন্ধ। তাঁদের অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের সড়কের পাশে দুই ঘণ্টা রোদে দাঁড় করানো হলো। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা সদরে মঙ্গলবার এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, গোসাইরহাটে গতকাল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও স্থানীয় সাংসদ নাহিম রাজ্জাক। তাঁদের অভ্যর্থনা জানানোর জন্য উপজেলা সদরের ইদিলপুর মডেল পাইলট উচ্চবিদ্যালয়, ইদিলপুর বালিকা উচ্চবিদ্যালয়, ইদিলপুর আলিম মাদ্রাসা ও শামছুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের পাঠদান বন্ধ রাখা হয়। ওই প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইদিলপুর মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠ থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পর্যন্ত দেড় কিলোমিটার এলাকায় সড়কের দুই পাশে দাঁড় করানো হয়। দুপুর পৌনে ১২টার দিকে হেলিকপ্টারে করে মন্ত্রী ও অতিথিরা ইদিলপুর মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে নামেন। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনের পর তিনি সমাবেশে বক্তব্য দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সগির হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাংসদ নাহিম রাজ্জাক, মুক্তিযুদ্ধবিষয়ক সচিব মাহমুদ রেজা খান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের শরীয়তপুরের কমান্ডার এম এ সাত্তার খান প্রমুখ।
ইদিলপুর মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শ্রাবন্তি বণিক বলে, ‘আজ (গতকাল) আমাদের ক্লাস হয়নি। মন্ত্রী ও এমপি আসবেন। তাই আমাদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল। রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়েছে।’
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আবদুল মান্নান বলেন, ‘সাংসদ নাহিম রাজ্জাক আমাদের বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি। তাঁকে খুশি রাখার জন্য স্থানীয় আওয়ামী লীগের নেতার বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে অতিথিদের অভ্যর্থনা জানাতে বলেন। এ কারণে বিদ্যালয় বন্ধ রেখে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়েছি। এ কারণে ক্লাস নেওয়া সম্ভব হয়নি।’
রোদে দাঁড়িয়ে ইদিলপুর বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার অসুস্থ হয়ে পড়ে। সহপাঠীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সুমাইয়া বলে, ‘রোদে দাঁড়িয়ে থেকে হঠাৎ মাথা ঘুরে পড়ে যাই। এভাবে রোদের মধ্যে আমরা দাঁড়াতে চাইনি।’
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোবারক মিয়া বলেন, ‘জনপ্রতিনিধিদের অনুরোধে বিদ্যালয় বন্ধ রেখে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়েছি। রোদের কারণে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়েছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
ইউএনও বলেন, অতিথিদের অভ্যর্থনা জানানোর জন্য বিদ্যালয় বন্ধ রেখে শিক্ষার্থীদের রোদে দাঁড় করানো ঠিক হয়নি। এ কাজ করার জন্য প্রশাসন থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।