মন্ত্রী, সাংসদদের ক্ষমতা নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন

মন্ত্রী ও সাংসদদের ক্ষমতা বা কর্তৃত্ব নিয়ন্ত্রণের ব্যাপারে কোনো বিধিনিষেধ সংসদ নির্বাচনের আচরণবিধিতে থাকছে না। এ ক্ষেত্রে নির্বাচনের সময় মন্ত্রী-সাংসদদের নীতি-নৈতিকতার ওপর ভরসা করতে হবে কমিশনকে।
তবে মন্ত্রী-সাংসদদের সুযোগ-সুবিধা নিয়ন্ত্রণে আচরণবিধিতে একটি বিধান রাখতে চায় কমিশন। এ জন্য আচরণবিধি সংশোধনের কাজ করছে কমিশন।
নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের মতে, বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতিতে সব মন্ত্রী-সাংসদের কাছে নীতি-নৈতিকতা আশা করা যায় না। বরং তাঁদের কর্তৃত্ব বহাল রাখা হলে তা নির্বাচনকে প্রভাবিত করবে। মাঠপর্যায়ে প্রার্থীদের সুযোগ-সুবিধার ক্ষেত্রে এটি বৈষম্য তৈরি করবে।
সংবিধান অনুযায়ী, সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনের সময় সরকার নীতিগত কোনো সিদ্ধান্ত নেবে না, শুধু দৈনন্দিন কাজ করবে। কিন্তু সরকার যে শুধু দৈনন্দিন কাজ করবে, নীতিগত সিদ্ধান্ত নেবে না, সে বিষয়ে সংবিধান বা গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) কিছু বলা নেই। প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা নির্বাহী ক্ষমতা কতটা প্রয়োগ করতে পারবেন, তাঁদের কর্মপরিধি কী হবে, নিরাপত্তার ব্যবস্থা কেমন থাকবে, সে বিষয়েও কিছু বলা নেই।

বাংলাদেশের নির্বাচনী আচরণবিধি প্রণীত হয়েছে আরপিওর অধীনে। আরপিওতে সরকার বা মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্ত এবং মন্ত্রী-সাংসদদের ক্ষমতা নিয়ন্ত্রণের ব্যাপারে কোনো কিছুর উল্লেখ না থাকায় এ বিষয়ে আচরণবিধিতে বিধিনিষেধ আরোপ করা সম্ভব নয়। সর্বশেষ আরপিও সংশোধনের প্রস্তাব তৈরির সময় সরকার ও মন্ত্রীদের ক্ষমতা ও কর্মপরিধিতে বাধ্যবাধকতা আরোপের সুযোগ থাকলেও কমিশন তা গ্রহণ করেনি।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আবু হাফিজ প্রথম আলোকে বলেন, সরকার বা মন্ত্রীদের ক্ষমতা কর্তন বা নিয়ন্ত্রণের বিষয়টি আরপিওতে উল্লেখ না থাকায় এ বিষয়টি আচরণবিধিতে আনা সম্ভব হচ্ছে না। এ ক্ষেত্রে কমিশনকে সরকার বা মন্ত্রীদের সদাচরণ বা রাজনৈতিক শিষ্টাচারের ওপর নির্ভর করতে হবে। কমিশন আশা করে, মন্ত্রী-সাংসদেরা নির্বাচনকে প্রভাবিত করার মতো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন।

বিগত চারটি সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়ায় মন্ত্রীদের ক্ষমতা ও আচরণের বিষয়টি বিদ্যমান আচরণবিধিতে উল্লেখ নেই। সংসদ ভেঙে দিয়ে নির্বাচন হওয়ায় সাংসদদের ক্ষমতার বিষয়টিও আলোচনায় আসেনি। এ বিষয়গুলো মাথায় রেখে কমিশন রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি সংশোধনের কাজে হাত দিয়েছে। এখন পর্যন্ত তারা ভারত, ভুটান, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনের আচরণবিধি পর্যালোচনা করেছে।

ভারতের নির্বাচনী আচরণবিধিতে ক্ষমতাসীন দল ও মন্ত্রীদের সম্পর্কে বলা আছে, সরকারের কোনো মন্ত্রী সরকারি সফরে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। নির্বাচনী প্রচারণায় মন্ত্রী কোনো সরকারি সুবিধা ব্যবহার, এমনকি ব্যক্তিগত সচিবকে সঙ্গে নিয়ে প্রচারণা চালাতে পারবেন না। সরকারি কাজ এবং নিজ বাসভবন থেকে অফিসে যাতায়াত ছাড়া অন্য কোনো কাজে সরকারি যানবাহন ব্যবহার করতে পারবেন না। করলে নির্বাচন কমিশন জরিমানা করতে পারবে। এমনকি গাড়ি ব্যবহারের সুবিধাও প্রত্যাহার করে নিতে পারবে। মন্ত্রী কোনো এলাকার প্রার্থী বা ভোটার না হলে তিনি সংশ্লিষ্ট এলাকায় যেতে পারবেন না।

সরকারের নীতিগত সিদ্ধান্তের ব্যাপারে ভারতীয় আচরণবিধিতে বলা আছে, সরকার, মন্ত্রী বা অন্য কোনো সরকারি কর্তৃপক্ষ এমন কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, যা নির্বাচনকে প্রভাবিত করতে পারে বা ক্ষমতাসীন দলকে ভোট দেওয়ার ব্যাপারে ভোটারদের উৎসাহিত করতে পারে। নির্বাচনের সময়ে কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ করা যাবে না বা প্রকল্পের জন্য অর্থ ছাড় করা যাবে না।

এ বিষয়ে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আইনি সীমাবদ্ধতার বিষয়টি মাথায় রেখেই আমরা আরপিও সংশোধনের প্রস্তাব করেছিলাম। প্রস্তাবে বলা হয়েছিল, নির্বাচনের সময়ে স্বরাষ্ট্র, জনপ্রশাসন, মন্ত্রিপরিষদ, স্থানীয় সরকার ও শিক্ষা মন্ত্রণালয় যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করবে। সেটা করা হলে এখন নির্বাচনী আচরণবিধিতে সরকারের কর্মকাণ্ডের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা সম্ভব হতো।’

নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, নির্বাচনে মুখ্য দায়িত্ব পালন করে থাকেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ অবস্থায় সরকারের নীতিগত সিদ্ধান্তের ওপর কমিশনের কর্তৃত্ব না থাকলে ক্ষমতাসীন দল নিজেদের সুবিধামতো মাঠ প্রশাসনকে কাজে লাগাতে পারবে। বর্তমানে সাংসদেরা পদাধিকারবলে উপজেলা পরিষদের উপদেষ্টা। বিভিন্ন স্কুল-কলেজের সভাপতির পদেও তাঁরা আছেন। কাবিখাসহ অন্যান্য সরকারি বরাদ্দ বণ্টনের ক্ষেত্রেও সাংসদদের কর্তৃত্ব বহাল থাকবে। ফলে নির্বাচনী লড়াইয়েও তাঁরা বাড়তি সুবিধা পাবেন।