সরকার দুর্নীতির সব রেকর্ড ভঙ্গ করেছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার এমন দুর্নীতি করছে যে, মন্ত্রী-এমপিদের গাড়িতে বস্তা ভরা টাকা পাওয়া যাচ্ছে।গতকাল মঙ্গলবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন। স্বাধীনতা দিবস উপলক্ষে মুুক্তিযোদ্ধা দল জাতীয় প্রেসক্লাবে ওই আলোচনার আয়োজন করে।মির্জা ফখরুল বলেন, ‘এমন দুর্নীতি হচ্ছে যে, মন্ত্রীর সহকারী একান্ত সচিবের (এপিএস) কাছে ৭৬ লাখ টাকা, এমপির গাড়িতে ৮০ লাখ টাকা পাওয়া যাচ্ছে। ভেবে দেখুন কত টাকা লুট হচ্ছে।’মন্ত্রী ও সরকারদলীয় সাংসদদের সম্পদের হিসাব প্রকাশ করার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, সরকার শুরুতে মন্ত্রীদের সম্পদের হিসাব দেওয়ার কথা বলেছিল। কিন্তু তা আজও হয়নি। জনগণ তাঁদের সম্পদের হিসাব জানতে চায়। বেসরকারি ব্যাংক করতে হলে ৪০০ কোটি টাকা জমা দিতে হয়। তাঁরা চার বছরে সে টাকা আয় করে ফেলেছেন। এত টাকা কোথায় পেয়েছেন জনগণ তা জানতে চায়।সরকারকে হীরক রাজার সঙ্গে তুলনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তারা মানুষকে খেতে দিতে পারছে না, গ্যাস, বিদ্যুৎ, পানি, স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দিতে পারে না, কিন্তু দাপট আছে পুরো। জনগণের মৌলিক সমস্যা সমাধানের কোনো ইচ্ছা এ সরকারের নেই বলেও দাবি করেন মির্জা ফখরুল।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, শামছুজ্জামান, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক এম এ সালাম, মুক্তিযোদ্ধা দলের সভাপতি সোহরাব উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।