মন্ত্রী-সাংসদদের সেগুন কাঠপ্রীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিশেষ সুবিধায় বিপুল পরিমাণ কাঠ বরাদ্দ নিয়েছেন সরকারি দলের প্রভাবশালী মন্ত্রী ও মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিরা৷ এর মধ্যে সেগুন কাঠই বেশি৷ আবার মূল্যবান এই কাঠ নেওয়া হয়েছে বাজারমূল্যের অনেক কম দামে।
মন্ত্রী-সাংসদদের এই কাঠপ্রীতি অবশ্য বন্ধ করে দিয়েছেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। তবে এর আগেই ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১৫ জন মন্ত্রী-সাংসদ গড় নিলামমূল্যে বন বিভাগ থেকে ৩৫০ ঘনফুট করে কাঠের বরাদ্দ নিয়ে নিয়েছেন।
পরিবেশ ও বন মন্ত্রণালয় গত ২৭ এপ্রিল ‘বসতবাড়ী নির্মাণের জন্য শুধুমাত্র জব্দকৃত কাঠ ও ঝড়ে উপড়ে পড়া গাছের কাঠ বরাদ্দ নীতিমালা, ২০০৯’ নামের নীতিমালাটি স্থগিত করে দেয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পর তৎকালীন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান আরও একবার নীতিমালাটি স্থগিত করেছিলেন। কিন্তু এর পরে পরিবেশ ও বনমন্ত্রী হন হাছান মাহমুদ। তিনিই নীতিমালাটি চালু করে মন্ত্রী-সাংসদের সেগুন কাঠ নেওয়ার সুযোগটি করে দেন।
মন্ত্রী হয়েই ২০০৯-এর ৩০ ডিসেম্বর ‘মন্ত্রীদের ব্যক্তিগত প্রয়োজনে কাঠ বরাদ্দের পারমিট ইস্যু’ বিষয়ে একটি আদেশ জারি করান হাছান মাহমুদ। এ ব্যাপারে জানতে চাইলে হাছান মাহমুদ কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে বর্তমান পরিবেশ ও বনমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘বন বিভাগ একই সঙ্গে গাছ চুরি হচ্ছে না এ কথাও বলবে, আবার চুরির সময় জব্দ হওয়া কাঠ বরাদ্দ দেবে, তা হতে পারে না। তাই আমরা এই নীতিমালাটির প্রয়োগ বন্ধ রেখেছি।’
বন বিভাগ সূত্রে জানা গেছে, মন্ত্রী-সাংসদেরা সেগুন কাঠ নিয়েছেন মূলত নিলামমূল্যে। এই নিলামমূল্য সাধারণত বাজারদরের চেয়ে অনেক কম হয়। যেমন, এক ঘনফুট সেগুন কাঠের গড় নিলামমূল্য সর্বোচ্চ এক হাজার টাকা। সাধারণ নিলামে দিলে তা আড়াই থেকে সাড়ে তিন হাজার টাকায় বিক্রি করা যায়। আর বাজারে এখন এক ঘনফুট সেগুনের দামই চার থেকে পাঁচ হাজার টাকা।
এই হিসাবে, ১৫ জন মোট পাঁচ হাজার ২৫০ ঘনফুট কাঠ নিয়েছেন। এ জন্য তাঁরা পরিশোধ করেছেন ৫২ লাখ ৫০ হাজার টাকা। অথচ এর বাজারমূল্য দুই কোটি ১০ লাখ টাকা।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল এ বিষয়ে প্রথম আলোকে বলেন, আইনপ্রণেতাদের এভাবে কাঠ বরাদ্দ নেওয়া আইনের লঙ্ঘন না হলেও তা অনৈতিক ও জনস্বার্থবিরোধী।
কে কবে বরাদ্দ নিয়েছেন: রাজনীতিবিদদের মধ্যে প্রথম ২০১০ সালের ৪ জানুয়ারি সেগুন কাঠ বরাদ্দ নেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। ওই বছরেরই ২৭ এপ্রিল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সে সময়ের প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম এবং ৭ সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সেগুন কাঠ বরাদ্দ নেন। এরপর ২০১১ সালে কাঠ বরাদ্দ নেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান।
২০১২ সালে সেগুন কাঠ বরাদ্দ নেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর, চিফ হুইপ আ স ম ফিরোজ এবং সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া।
২০১৩ সালে আরও বরাদ্দ নেন সাবেক মৎস্য ও প্রািণসম্পদ প্রতিমন্ত্রী আবদুল হাই, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন, সাবেক হুইপ সাগুফতা ইয়াসমিন, সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী, সাবেক হুইপ এবং বর্তমানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এবং বেসরকারীকরণ কমিশনের সাবেক চেয়ারম্যান মির্জা জলিল।
মন্ত্রণালয় সূত্র জানায়, বিএনপি ক্ষমতায় আসার পর ১৯৯২ সালে প্রথমবারের মতো পরিবেশ ও বন মন্ত্রণালয় এক নির্বাহী আদেশবলে মন্ত্রী ও সাংসদদের জন্য চোরাই কাঠ বরাদ্দের নিয়ম চালু করে। তবে এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট নীতিমালা ছিল না। জব্দ করা কাঠ বরাদ্দের ক্ষেত্রে ২০০৫ সালের ১৮ জানুয়ারি প্রথম একটি নীতিমালা তৈরি করা হয়। নীতিমালায় মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাংসদদের শুধু নিজের নামে নয়, স্ত্রী বা স্বামীর নামেও কাঠ বরাদ্দের সুযোগ দেওয়া হয়। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির শাসনামলে মন্ত্রী, সাংসদ ও মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা মোট ২০ হাজার ঘনফুট কাঠ বরাদ্দ নেন।
বন বিভাগের হিসাব অনুযায়ী, বাংলাদেশে বনভূমির পরিমাণ ২৫ লাখ ২০ হাজার হেক্টর। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) হিসাবে, আশির দশকে বছরে আট হাজার হেক্টর বনভূমি ধ্বংস হতো। সংস্থাটির ২০০০ সালের এক জরিপ অনুযায়ী, বছরে বন ধ্বংসের পরিমাণ ৩৭ হাজার ৭০০ হেক্টর। ২০০৫-০৬ সালে যুক্তরাষ্ট্রের বৈদেশিকবিষয়ক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি ও কানাডার সিডা যৌথভাবে আরেকটি সমীক্ষা চালিয়ে দেখতে পায়, বর্তমান অবস্থা চলতে থাকলে বাংলাদেশের বনভূমির ৫০ শতাংশ আগামী ২০ বছরের মধ্যে ধ্বংস হয়ে যাবে।