মন্ত্রী-সাংসদের স্বজনদের প্রার্থিতায় নিরুৎসাহিত করবে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পৌরসভা নির্বাচনে মন্ত্রী, সাংসদ ও দলীয় নেতাদের নিকটাত্মীয়দের প্রার্থী করার ক্ষেত্রে নিরুৎসাহিত করবে আওয়ামী লীগ। এ ছাড়া পৌর মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীদের দলীয় সমর্থন দেওয়ার দায়িত্ব তৃণমূল কমিটিকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের দপ্তরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। দলীয় সূত্র জানায়, দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের সভাপতিত্বে এই বৈঠকে প্রার্থী সমর্থনের ক্ষেত্রে একটি মানদণ্ড ঠিক করে দেওয়া হয়েছে। জেলা সদরের পৌরসভার জন্য প্রার্থী ঠিক করতে জেলা সভাপতি, সাধারণ সম্পাদক, পৌর কার্যনির্বাহী কমিটি, সংশ্লিষ্ট পৌরসভার ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদক, জেলার সব উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক, দলীয় মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা ও দলীয় সাংসদকে নিয়ে তৃণমূল কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সমঝোতার ভিত্তিতে মেয়র এবং কাউন্সিলর প্রার্থী সমর্থন করবে। উপজেলা পর্যায়ের পৌরসভার জন্য উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক, পৌর কার্যনির্বাহী কমিটি, সংশ্লিষ্ট পৌরসভার ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদক, দল-সমর্থিত মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা ও দলীয় সাংসদকে নিয়ে তৃণমূল কমিটি গঠন করা হয়েছে। সূত্র জানায়, প্রার্থী সমর্থনের এই নির্দেশনা দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে ফ্যাক্স বা ই-মেইলে গতকাল রাতেই পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রার্থী সমথর্নের ক্ষেত্রে কেন্দ্র থেকে কোনো হস্তক্ষেপ করবে না। তবে একক প্রার্থী সমর্থন দেওয়ার কথা বলা হয়েছে। কেউ সিদ্ধান্ত অমান্য করলে সাংগঠনিক শাস্তি পেতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। দলীয় সূত্র জানায়, আলোচনার মাধ্যমে মহাজোটগত প্রার্থী সমর্থন করা হবে। আওয়ামী লীগের পক্ষ থেকে ইতিমধ্যেই মহাজোটের শরিক দলগুলোর কাছে প্রার্থীর তালিকা চাওয়া হয়েছে। তালিকা পাওয়ার পর সংশ্লিষ্ট তৃণমূল কমিটি শরিক দলের সঙ্গে আলোচনা করে সমঝোতা করবে।বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, মিজবাহউদ্দিন সিরাজ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।