মন্ত্রী-সাংসদেরা সরকারি সুবিধা পাবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্ত্রী-সাংসদেরা সরকারি সুবিধা পাবেন না
মন্ত্রী-সাংসদেরা সরকারি সুবিধা পাবেন না

নির্বাচনের সময় সরকার রাজস্ব বা উন্নয়ন তহবিলভুক্ত কোনো প্রকল্প অনুমোদন বা কোনো প্রকল্পের ফলক উন্মোচন করতে পারবে না। এ ছাড়া প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সাংসদেরা সরকারি সুবিধা ব্যবহার করতে পারবেন না।
সংসদ নির্বাচনের সংশোধিত খসড়া আচরণবিধিতে এসব বিধান রাখা হয়েছে। গতকাল বুধবার নির্বাচন কমিশনের (ইসি) বৈঠকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি সংশোধনের খসড়া নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে।
আগামী রোববার থেকে এই আচরণবিধি সাত দিনের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ বিষয়ে রাজনৈতিক দলসহ অন্যদের মতামত পাওয়া গেলে তা আমলে নিয়ে আচরণবিধি চূড়ান্ত করা হবে। বিদ্যমান আচরণবিধি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য তৈরি। সংশোধিত আচরণবিধিটি দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য প্রয়োগযোগ্য করে করা হয়েছে।
প্রস্তাবিত এই আচরণবিধি সম্পর্কে জানতে চাইলে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন কমিশন ভালো আচরণবিধি প্রস্তাব করেছে। প্রশ্ন হলো, তারা এটা কতটা প্রয়োগ করতে পারবে। দেখতে হবে, কোনো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি আচরণবিধি ভাঙলে কমিশন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কি না। সেখানে ব্যর্থ হলে এই আচরণবিধি অর্থহীন হয়ে যাবে।’

আচরণবিধির ৩ ধারায় বলা হয়েছে, নির্বাচনের সময় কোনো সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রাজস্ব বা উন্নয়ন তহবিলভুক্ত কোনো প্রকল্পের অনুমোদন, ঘোষণা বা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা ফলক উন্মোচন করা যাবে না। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাঁদের অধীনে থাকা সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের তহবিল থেকে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা প্রতিষ্ঠানের জন্য কোনো প্রকার অনুদান ঘোষণা বা বরাদ্দ প্রদান বা অর্থ ছাড় করতে পারবেন না। বিধিতে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বলতে প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা, মন্ত্রী, চিফ হুইপ, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, বিরোধীদলীয় উপনেতা বা তাঁদের সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি, সাংসদ এবং সিটি করপোরেশনের মেয়রকে বোঝানো হয়েছে। কমিশন সচিবালয় সূত্র জানায়, কমিশনের গতকালের বৈঠকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

১৪ ধারা সংশোধন করে বলা হয়েছে, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাঁদের সরকারি কর্মসূচির সঙ্গে নির্বাচন কর্মসূচি যোগ করতে পারবেন না। তাঁরা নির্বাচনী প্রচারণায় সরকারি যান, সরকারি প্রচারযন্ত্র বা অন্যান্য সরকারি সুবিধা ভোগ করতে পারবেন না। একই কাজে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারী বা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মকর্তা-কর্মচারীকে ব্যবহার করতে পারবেন না। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাঁর নির্বাচনী এলাকার সরকারি উন্নয়ন কর্মসূচিতে কর্তৃত্ব করতে বা এ-সংক্রান্ত সভায় যোগ দিতে পারবেন না।

একই ধারায় আরও বলা হয়েছে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে আগে থেকে থাকলেও নির্বাচনের সময়ে তা অকার্যকর থাকবে। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভোটদান ছাড়া নির্বাচনের দিন ভোটকেন্দ্রে প্রবেশ বা নিজে প্রার্থী না হলে ভোট গণনার সময় গণনাকক্ষে প্রবেশ বা উপস্থিত থাকতে পারবেন না।

২ ধারা সংশোধন করে ‘নির্বাচনপূর্ব সময়’ বলতে তফসিল ঘোষণার দিন থেকে নির্বাচনের ফল গেজেটে প্রকাশের মধ্যবর্তী সময়কে বোঝানো হয়েছে। বিদ্যমান বিধিতে নির্বাচনপূর্ব সময় বলতে সংসদের মেয়াদ শেষ বা সংসদ ভেঙে যাওয়ার দিন থেকে নির্বাচনের ফল গেজেটে প্রকাশের সময়কে বোঝানো হয়েছে। নির্বাচনী প্রচার উপকরণের তালিকায় পোস্টার-ব্যানারের সঙ্গে বিলবোর্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

৭ ধারা সংশোধন করে বলা হয়েছে, কোনো প্রার্থী বা তাঁর পক্ষে কোনো ব্যক্তি ছাপাখানার নাম, ঠিকানা ও ছাপার তারিখবিহীন কোনো পোস্টার ছাপাতে পারবেন না।

গতকাল কমিশনের বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমরা আচরণবিধিতে বিশেষ কিছু পরিবর্তন এনেছি। বিদ্যমান আচরণবিধি তত্ত্বাবধায়ক সরকারের আদলে করা। এখন দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। সে অনুযায়ী আচরণবিধি করা হয়েছে।’

সিইসি বলেন, আচরণবিধিতে মন্ত্রীদের প্রচারণায় অংশ নেওয়ার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা সরকারি সুবিধা ব্যবহার করে নির্বাচনী প্রচারণায় যেতে পারবেন না। মন্ত্রীরা দৈনন্দিন কাজ করতে পারবেন। কিন্তু কোনো সুদূরপ্রসারী সিদ্ধান্ত নিতে পারবেন না। সরকারি সুবিধাভোগী প্রার্থীরা সরকারি ডাকবাংলোতে থাকতে পারবেন, খেতে পারবেন। কিন্তু রাজনৈতিক সভা করতে পারবেন না। সেটার লঙ্ঘন হলে শাস্তির ব্যবস্থা আছে।

সঠিক সময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে জানিয়ে কাজী রকিব উদ্দীন বলেন, জাতি ‘ডিফিকাল্ট’ সময়ে আছে। এ বিষয়ে সব দলকে সম্মিলিত সিদ্ধান্ত নিতে হবে। ইসি নির্বাচন করতে প্রস্তুত। ভোটার তালিকা, সীমানাবিন্যাস, ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হয়ে গেছে।

দু্ই দল রাজি থাকলে ২৪ জানুয়ারির পরও নির্বাচন করা সম্ভব কি না, জানতে চাইলে সিইসি বলেন, ‘দুই পক্ষ রাজি হলে আলহামদুলিল্লাহ।’