নীলফামারীতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। গতকাল শনিবার সকালে নীলফামারীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় তাঁকে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় আসাদুজ্জামান নূর বলেন, ‘আমরা সন্ত্রাস ও অস্ত্রের রাজনীতি বিশ্বাস করি না। আমরা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। মন্ত্রী হওয়া বড় কথা নয়, দায়িত্ব পালন করাটাই বড় কথা। এখন আমার ওপর সারা দেশের দায়িত্ব অর্পিত হয়েছে। তার পরও আমার হূদয় থাকবে নীলফামারীর জন্য। নীলফামারীর মানুষ আমার আত্মার আত্মীয়। তাদের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে।’
আসাদুজ্জামান নূর বলেন, ‘আমি মন্ত্রী হয়েছি। এটি আপনাদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা ছিল। সেটি পূরণ হয়েছে। সেটি আমি নীলফামারীর জন্য উৎসর্গ করছি। উৎসর্গ করছি গত ১৪ ডিসেম্বর আমার গাড়িবহরে হামলার সময় নিহত টুপামারী ইউনিয়নের চার নেতা-কর্মী এবং আমার দল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে।’
বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে মন্তব্য করে মন্ত্রী বলেন, তাদের আন্দোলনে জনগণের অংশগ্রহণ নেই, সে জন্য সফলও হতে পারেনি। সাধারণ মানুষের জন্য আন্দোলনের কথা বলে তারা সাধারণ মানুষকেই হত্যা করেছে।
সকাল সাড়ে ১০টা থেকে বেলা একটা পর্যন্ত চলা সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী, সাংস্কৃতিক, শ্রমিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সংবর্ধনা উপলক্ষে ১০ হাজারের বেশি মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার চত্বর।
জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেঞ্চদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মমতাজুল হক, নীলফামারী-১ আসনের সাংসদ আফতাব উদ্দিন সরকার, আওয়ামী লীগের প্রবীণ নেতা জোনাব আলী, রাহাত হোসেন প্রমুখ।
বিকেলে মন্ত্রী টুপামারী ইউনিয়নে জামায়াত-শিবিরের হামলায় নিহত চার নেতা-কর্মীর কবর জিয়ারত করেন। পরে তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং লক্ষ্মীচাপ ও পলাশবাড়ী ইউনিয়নের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। সন্ধ্যায় শহরের কালীবাড়ি চত্বরে ক্ষতিগ্রস্ত হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের পরিবারগুলোকে অর্থ সহায়তা দেন।