মন্ত্রীকে অভ্যর্থনা জানাতে গিয়ে ট্রাকচাপায় মৃত্যু
ময়মনসিংহে মোটরসাইকেল শোভাযাত্রা করে ধর্মমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে গিয়ে ট্রাকচাপায় মো. জামাল (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এতে আরও দুজন আহত হন। জামাল কেওয়াটখালী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গতকাল রোববার ধর্মমন্ত্রী মতিউর রহমানের ময়মনসিংহে আগমন উপলক্ষে তাঁকে অভ্যর্থনা জানাতে মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করে জেলা ছাত্রলীগ। জামালও একটি মোটরসাইকেল নিয়ে তাতে অংশ নেন। বেলা সাড়ে তিনটার দিকে শোভাযাত্রাটি ত্রিশাল উপজেলা থেকে মন্ত্রীকে বরণ করতে যায়। পথে মোটরসাইকেলের জ্বালানি শেষ হয়ে গেলে জামাল ঢাকা-ময়মনসিংহ সড়কের চুরখাই এলাকার একটি পেট্রলপাম্পে যান। সেখান থেকে বেরিয়ে আবার শোভাযাত্রায় যোগ দিতে গেলে একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
এ সময় মোটরসাইকেলে থাকা আরও দুজন আহত হন। তবে আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাঁরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।