মন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন
নৌপরিবহনমন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খানকে কটূক্তি করার প্রতিবাদে যৌথ সংবাদ সম্মেলন করেছে নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন। গতকাল বুধবার নওগাঁ জেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম। লিখিত বক্তব্যে বলা হয়, ২৬৫০ নিবন্ধনপ্রাপ্ত নওগাঁ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন একটি ভুয়া সংগঠন। ৫ আগস্ট ওই সংগঠনের লোকজন নওগাঁ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের মান্দা উপজেলা কার্যালয় ভাঙচুর ও সদস্যদের মারধর করে। এ ঘটনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুই সংগঠন ও পরিবহন মালিক সংগঠনের নেতাদের নিয়ে সভা হয়। সেখানে ২৬৫০ নিবন্ধনপ্রাপ্ত শ্রমিক ইউনিয়নের নেতারা নৌপরিবহনমন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতিকে দালাল বলে গালিগালাজ করেন।
নওগাঁ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের অপর অংশের সভাপতি আবদুল গফুর বলেন, সভায় বক্তব্য দেওয়ার সময় সংগঠনের যে সদস্য মন্ত্রীকে নিয়ে কিছু অপ্রীতিকর কথা বলেন তাঁকে তক্ষুনি সভা থেকে বের করে দেওয়া হয়।