মন্ত্রীকে কবির খোলা চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তনগর ট্রেন (ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জ) চালুর দাবি! শুরু হয় সামাজিক আন্দোলন। শেষে মেলে প্রতিশ্রুতি। ৩০ জুলাই থেকে চলবে ট্রেন। কিন্তু নাম কী হবে ট্রেনের? শুরু হয় দেনদরবার। প্রস্তাব, পাল্টা প্রস্তাব আর আলোচনা। যা শেষ পর্যন্ত গড়ায় অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে। কী হবে ট্রেনের নাম। জনপ্রতিনিধিরা নাম প্রস্তাব করে পাঠালেন। নাম দিলেন নেত্রকোনার সন্তান কবি নির্মলেন্দু গুণও।জনপ্রতিনিধিরা নাম দিয়েছেন ‘কংশ এক্সপ্রেস’। আর কবি দিলেন কাব্যিক নাম ‘কাশবন এক্সপ্রেস’। শুরু হলো নামকরণ নিয়ে ফেসবুকে লেখালেখি ও ভোটাভুটি। কবি লিখলেন, রেলমন্ত্রী বরাবর খোলা চিঠি। তুলে ধরলেন তাঁর দেওয়া নামের সপক্ষে যুক্তি।ফেসবুকভিত্তিক কয়েকটি গ্রুপ কাশবন এক্সপ্রেস, কংশ এক্সপ্রেস, ভাটি বাংলা এক্সপ্রেসসহ আরও কয়েকটি নাম লিখে প্রচার চালায়। বারহাট্টা সিকেপি পাইলট হাইস্কুল নামের ফেসবুকভিত্তিক একটি গ্রুপ ভোট গ্রহণ করে। এতে দেখা গেছে, কাশবন এক্সপ্রেস নামটির পক্ষে ৮৫টি ভোট, কংশ এক্সপ্রেসের পক্ষে ৩৪, ভাটিবাংলা এক্সপ্রেসের পক্ষে সাত, মহুয়া এক্সপ্রেসের পক্ষে পাঁচ, মগড়া এক্সপ্রেসের পক্ষে দুই এবং বাউল এক্সপ্রেসের পক্ষে একটি ভোট পড়ে।এ বিষয়ে কবি ফেসবুকে লিখেছেন, ‘৩০ জুলাই একটি আন্তনগর ট্রেন চালু হচ্ছে। আমি আমার এলাকার মানুষের পক্ষ থেকে ওই ট্রেনের জন্য একটি নাম প্রস্তাব করেছিলাম। আমার প্রস্তাবিত নামটি ছিল কাশবন এক্সপ্রেস। ফেসবুকে এর নামকরণ নিয়ে এলাকার কয়েকজন তরুণ জনমত জরিপের কাজ চালিয়ে যাচ্ছিল। রেলওয়ের কয়েকজন কর্মকর্তার সঙ্গে এ ব্যাপারে কথা বলেছিলাম। তাঁরা আমার প্রস্তাবিত কাশবন নামটিকেই কাব্যিক, শ্রুতিমধুর এবং ওই অঞ্চলের প্রাকৃতিক বৈশিষ্ট্যের আলোকে যুক্তিযুক্ত মনে করেন। কিন্তু সম্প্রতি শুনতে পাই নাম রাখা হচ্ছে কংশ এক্সপ্রেস। এ কথা জানার পর ১ জুলাই রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করি। মন্ত্রী জানান, নেত্রকানার বেশ কয়েকজন এমপি কংশ এক্সপ্রেস নামের পক্ষে ডিও লেটার দিয়েছেন। এখন কাশবন এক্সপেসের পক্ষে তাঁর দাঁড়ানো সম্ভব নয়। আমি যেন তাঁদের সঙ্গে কথা বলি।’নির্মলেন্দু গুণ আরও বলেন, ‘কংশ নামটি মহাভারতের একটি খল চরিত্র। এ নদীও একসময় অত্যাচার করেছে তীরবর্তী লোকজনকে। সে থেকেই হয়তো নদীর নাম কংশ রাখা হয়েছিল। এখন নদীর সে অত্যাচার আর নেই। সে নামটিই ট্রেনের কপালে লিখতে হবে কেন? এ অঞ্চলটি নদীর তীরবর্তী বলে এখানকার কাশবনও এর সঙ্গে জড়িত। ফলে আমি এ নামটি প্রস্তাব করেছি।’স্থানীয় সাংসদ আশরাফ আলী খান বলেন, ‘কাশবন কোনো ঐতিহাসিক বা কোনো গ্রামের নামও নয়। কবি তাঁর কল্পনাপ্রসূত নাম নির্ধারণ করেছেন। নেত্রকোনাবাসীর দাবি অনুযায়ী এলাকার পরিচয় বহন করে এমন নামের জন্যই ডিও লেটার দিয়েছি। বারহাট্টার লোকজনও কংশ নামই পছন্দ করেছে। এ জন্য প্রস্তাব করেছি কংশ। এ ছাড়া ভাটি বাংলা, সুনেত্র, নেত্র এক্সপ্রেস নামও প্রস্তাবনায় আছে। নাম এখনো চূড়ান্ত হয়নি।’ রেলওয়ে সূত্রে জানা গেছে, আগামী ১ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে ট্রেনটি উদ্বোধন করার সম্ভাবনা আছে। এটি মোহনগঞ্জ থেকে সকাল সাড়ে আটটায় ছেড়ে বেলা দুইটা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। আবার ঢাকা থেকে রাত ১১টা ৫০ মিনিটে ছেড়ে সকাল ছয়টা ১০ মিনিটে মোহনগঞ্জ পৌঁছাবে।