মন্ত্রীকে দেখে দালালেরা চম্পট
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় সাভারের বিআরটিএর কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে আসেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি ওই কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকেও পাননি। উপরন্তু কার্যালয়টি তখন দালালদের দখলে ছিল। সরকারি লোক বলতে ছিলেন একজন সহকারী আর একজন কম্পিউটার অপারেটর।
মন্ত্রী বিআরটিএর নির্বাহী হাকিম আবুল বশার ও পুলিশ নিয়ে ওই কার্যালয়ে ঢোকার সঙ্গে সঙ্গে দালালেরা প্রাচীর টপকে চম্পট দেয়। তবে নাসির উদ্দিন (৫০) নামের এক দালাল প্রাচীর টপকাতে ব্যর্থ হয়ে ধরা পড়েন পুলিশের হাতে। পরে তাঁকে বিআরটিএর নির্বাহী হাকিম অনৈতিক কাজে জড়িত থাকার দায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ সময় ওই কার্যালয়ে সেবা নিতে আসা লোকজনের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ পেয়ে যোগাযোগমন্ত্রী কম্পিউটার অপারেটর বিল্লাল হোসেনকে তাৎক্ষণিক বদলি ও সহকারী হাসান বিন আজাদকে সতর্ক করে দেন। এ ছাড়া অনুপস্থিত থাকা এক কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেন।
দালালদের আনাগোনায় ক্ষুব্ধ হয়ে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়টি অপকর্মের ঘাঁটিতে পরিণত হয়েছে। কিছু দালাল এ কার্যালয় ঘিরে ফেলেছে। তিন থেকে চারজন দালাল তো এখানে বাসা বেঁধে ফেলেছে। যেন তারাই এখানকার কর্মকর্তা-কর্মচারী। এদের মধ্যে আরিফ, শিপলু ও সবুজ উল্লেখযোগ্য। তাদের ধরতে হবে। তারা যেন আর কোনো দিন এ কার্যালয়ে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই সাভার বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নানা অভিযোগ পাচ্ছিলাম। সেসব অভিযোগের সত্যতা যাচাই করতেই এখানে আকস্মিক পরিদর্শনে এসেছি। এ কার্যালয়ে কম্পিউটার বিভাগেও দুর্নীতি হয়। প্রমাণ পাওয়ার পর অপারেটর বিল্লাল হোসেনকে এখান থেকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। পরিদর্শক আবদুল জলিলকে পাওয়া যায়নি। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।’
মন্ত্রী যাওয়ার পর কার্যালয়ের সহকারী হাসান বিন আজাদ বলেন, ‘এই কার্যালয়ের উপপরিচালক (এডি) মোহসিন হোসেন সোম ও বুধবার দায়িত্ব পালন করেন। আর পরিদর্শক আবদুল জলিল মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত উপস্থিত থাকেন। আর পরিদর্শক ইকবাল হোসেন উপস্থিত থাকেন সোমবার। তাই কার্যালয়টি চালাতে হয় মূলত আমাকেই। কিন্তু দালালদের কারণে আমি স্বাধীনভাবে কাজ করতে পারি না।’
তিনি অভিযোগ করেন, সবুজ নামের এক দালালের কাছে কার্যালয়ের চাবি থাকে। তিনি নানা অজুহাতে লোকজনের কাছ থেকে টাকা আদায় করেন। আর খাতাপত্র নিয়ন্ত্রণ করেন তাঁর শ্যালক শিপলু। তাঁদের হাতে সব ছেড়ে দেন কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাঁরা এতটাই প্রভাবশালী যে তাঁদের আমার পক্ষে কিছু বলা সম্ভব হয়ে ওঠে না। বিষয়টি ইতিপূর্বে মৌখিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’ সবুজ ও শিপলুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।