মন্ত্রীকে বলব টিআইবি-সুজনের অর্থের উৎস খুঁজতে: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘খালেদা জিয়া ও বিএনপির নেতারা যে ভাষায় কথা বলছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বক্তব্যের সঙ্গে তার কোনো পার্থক্য নেই। অর্থমন্ত্রীকে বলব তাদের অর্থের উৎস কোথায় খতিয়ে দেখতে।’
আজ বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে নাসিম এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম অভিযোগ করে বলেন, ‘নিজেদের অস্তিত্ব জানানোর জন্য তাঁরা এসব বক্তব্য দিচ্ছেন। বর্তমানে শান্তিময় গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। অনির্বাচিত সরকার ও নৈরাজ্য ফিরিয়ে আনতেই মধ্যবর্তী নির্বাচনের দাবি করছে টিআইবি, সুজনসহ কিছু কিছু মহল।’
আওয়ামী লীগের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, এ সময় সব ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে এপ্রিল মাসে সারা দেশে তৃণমূল পর্যায়ে জনসংযোগ চালানো হবে।
মোহাম্মদ নাসিম আরও বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ করেছি টিআইবি ও সুজনসহ কিছু কিছু মহল উদ্বেগ প্রকাশ করেছে, কেন নির্বাচন দেওয়া হচ্ছে না? কিন্তু সরকারও তো সর্বোচ্চ চেষ্টা করেছিল বিএনপিকে নির্বাচনে আনার জন্য। তারা আসেনি। বরং নৈরাজ্য, জ্বালাও-পোড়াও করেছে। মাত্র ছয় মাসের মাথায় এসব সংগঠন কেন, কী কারণে উৎসাহ দেখাচ্ছে, আমাদের কাছে তা পরিষ্কার।’ তিনি দাবি করেন, নির্বাচনের আগে বিরোধী দলগুলোর জ্বালাও-পোড়াও ঘটনায় এসব সংগঠন উদ্বেগ প্রকাশ করেনি।
তাঁদের এসব বক্তব্য কোনো গোষ্ঠীকে উসকে দেবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, ‘এসব কথা বলার অর্থ হচ্ছে তাঁরা অগণতান্ত্রিক সরকার ও নৈরাজ্য ফিরিয়ে আনতে চায়। এরা কাদের ভাষায় কথা বলছে, আপনারা বুঝতে পারছেন। খালেদা, বিএনপির ভাষার সঙ্গে এদের ভাষার মিল রয়েছে। অহেতুক উসকানি দিয়ে পরিবেশ ঘোলাটে করবেন না। সতর্ক করছি। অনুরোধ করছি।’
সভায় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরীকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।