মন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে স্কুলছাত্রী অসুস্থ
ময়মনসিংহে ধর্মমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে রোদে দাঁড়িয়ে থেকে লুৎফুন নাহার (১৪) নামে এক স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। ময়মনসিংহ সদর উপজেলার পাড়াইল গ্রামে গত মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লুৎফুন ময়মনসিংহের ঘাগড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। সে ঘাগড়া ইউনিয়নের গোপালনগর গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে।
ময়মনসিংহের একটি হাসপাতালে চিকিৎসাধীন লুৎফুন নাহার গতকাল বুধবার দুপুরে জানায়, মঙ্গলবার দেড় কিলোমিটির পথ হেঁটে সকাল ১০টায় সে বিদ্যালয়ে পৌঁছায়। ক্লাস শুরুর পর শিক্ষকেরা জানান, পাশের পাড়াইল গ্রামে একটি কালভার্ট উদ্বোধনের জন্য ধর্মমন্ত্রী মতিউর রহমান আসবেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মন্ত্রীকে স্বাগত জানাতে দুই কিলোমিটার দূরে পাড়াইল গ্রামে যেতে হবে। শিক্ষকদের নির্দেশে দুপুর ১২টার দিকে লুৎফুনসহ বিদ্যালয়ের প্রায় সাড়ে চার শ শিক্ষার্থী হেঁটে ওই গ্রামে পৌঁছায়। দুপুর সাড়ে ১২টায় মন্ত্রীর আসার কথা থাকলেও তিনি নির্ধারিত সময়ে আসেননি। রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে লুৎফুন অসুস্থ বোধ করছে বলে সহপাঠীদের জানায়। বেলা একটার দিকে সে চেতনা হারিয়ে সড়কে পড়ে যায়। শিক্ষার্থীরা জানায়, মন্ত্রী প্রায় তিনটার দিকে এ গ্রামে আসেন। এ সময় পর্যন্ত তাদের রোদেই দাঁড়িয়ে থাকতে হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আওয়াল বলেন, ‘মতিউর রহমান স্যার আমাদের বিদ্যালয়ের প্রতি সবসময় সুদৃষ্টি রাখেন। তাই আমি নিজের ইচ্ছায় শিক্ষার্থীদের নিয়ে তাঁকে স্বাগত জানাতে গিয়েছি।’