প্রশাসনের কর্মকর্তাদের জবাবদিহি আদায় করতে সংসদীয় কমিশন গঠনের প্রস্তাব করেছেন স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী। এর আগে সংসদে মন্ত্রীদের কাছে করা প্রশ্নের যথাযথ উত্তর না পাওয়ায় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।
গতকাল বৃহস্পতিবার সংসদের প্রশ্নোত্তর শেষে রুস্তম আলী বলেন, ‘সাংসদদের প্রশ্নের জবাব দিতে মন্ত্রীরা কার্যপ্রণালি বিধি অনুসরণ করেন না। মন্ত্রীদের প্রশ্নের জবাবে আমলারা লিখে দেন। তাতে কী থাকে, তা মন্ত্রী নিজেও জানেন না। আমরা যে প্রশ্ন করি, তার সঠিক জবাব পাই না। এটার জন্য মন্ত্রী দায়ী নয়, দায়ী আমলারা। আমলারা সঠিকভাবে কাজ করেন না। তাঁদের কোনো জবাবদিহি নেই।’
আমলাদের জবাবদিহির মধ্যে আনতে সংসদীয় কমিশন গঠনের দাবি করে রুস্তম আলী বলেন, ‘আমাদের কোনো অভিযোগ থাকলে আমরা সেই কমিশনের কাছে যাব। কমিশন তাদের জবাবদিহির আওতায় আনবে।’
এর আগে প্রশ্নোত্তরপর্বে মোহাম্মদ ইলিয়াছের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সম্প্রচার নীতিমালায় নৈতিকতা, জাতীয় নিরাপত্তা ও নাগরিকের অধিকার সমুন্নত রাখতে অধিকতর দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে সম্প্রচার মাধ্যমগুলোকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। নীতিমালা জনগণের স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করবে না।
মুহিবুর রহমানের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, অনলাইন পত্রিকা প্রকাশের জন্য একটি খসড়া নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এ-সম্পর্কিত কমিটি নীতিমালাটি পরীক্ষা-নিরীক্ষাÿ করে দেখছে।
প্রশ্নোত্তরের আগে বিকেল পাঁচটার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে অধিবেশন শুরু হয়।