মন্ত্রীদের কাছে বিচার চাইলেন আনন্দ গাঙ্গুলীর স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গতকাল ঝিনাইদহে দুর্বৃত্তদের হাতে খুন হওয়া পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীকে সান্ত্বনা দেন l ছবি: প্রথম আলো
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গতকাল ঝিনাইদহে দুর্বৃত্তদের হাতে খুন হওয়া পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীকে সান্ত্বনা দেন l ছবি: প্রথম আলো

সন্ত্রাসীদের হামলায় নিহত পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীর স্ত্রী শেফালী গাঙ্গুলীর একটাই দাবি, নিরপরাধ স্বামী হত্যার বিচার। গতকাল মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে ১৪ দলের এক প্রতিনিধিদল তাঁদের বাড়িতে সান্ত্বনা দিতে এলে তিনি এ দাবি করেন।
হত্যাকাণ্ডের আট দিন পর গতকাল দুপুরে মোহাম্মদ নাসিমের নেতৃত্বে ১৪ দলের একটি প্রতিনিধিদল নিহত পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীর ঝিনাইদহের করাতিপাড়ায় যায়। এই দলে সরকারের তিনজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন। প্রতিনিধিদলের অন্যরা হলেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী, ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু এবং ন্যাপের সভাপতি এনামুল হক। তাঁদের সঙ্গে ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহসভাপতি নিমচন্দ্র ভৌমিক।
প্রসঙ্গত, ৭ জুন ঝিনাইদহ সদরের সোনাইখালী ও খড়াশুনি গ্রামের মাঝে মহিষের ভাগাড় নামক স্থানে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে (৭০) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখনো কাউকে ধরতে পারেনি পুলিশ।
আনন্দ গাঙ্গুলী হত্যার প্রতিবাদে করাতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, খুনিরা কাপুরুষ। তারা যে নির্মমতা দেখিয়েছে, তা ক্ষমার অযোগ্য।
অনুষ্ঠানে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিমসহ অন্যরা বক্তব্য দেন।