মন্ত্রীদের কাছে সঠিক উত্তর পাওয়া যায় না: স্বতন্ত্র সাংসদ
প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে জবাবদিহি আদায় করতে সংসদীয় কমিশন গঠনের প্রস্তাব করেছেন স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী। এর আগে সংসদে মন্ত্রীদের কাছে করা প্রশ্নের যথাযথ উত্তর না পাওয়ায় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।
আজ বৃহস্পতিবার সংসদের প্রশ্নোত্তর শেষে রুস্তম আলী বলেন, ‘সাংসদদের প্রশ্নের জবাব দিতে মন্ত্রীরা কার্যপ্রণালি বিধি অনুসরণ করেন না। মন্ত্রীদের প্রশ্নের জবাব আমলারা লিখে দেন। তাতে কী থাকে, তা মন্ত্রী নিজেও জানেন না। আমরা যে প্রশ্ন করি, তার সঠিক জবাব পাই না। এটার জন্য মন্ত্রী দায়ী নন, দায়ী আমলারা। আমলারা সঠিকভাবে কাজ করেন না। তাঁদের কোনো জবাবদিহি নেই।’
রুস্তম আলী আরও বলেন, ‘আমরা জনগণের প্রতিনিধি। জনগণের কাছে আমাদের জবাবদিহি করতে হয়। সে জন্য আমাদের মন্ত্রীর কাছ থেকে প্রশ্নের সঠিক উত্তর জানা দরকার।’
আমলাদের জবাবদিহির মধ্যে আনতে সংসদীয় কমিশন গঠনের দাবি করে স্বতন্ত্র এই সাংসদ বলেন, ‘আমাদের কোনো অভিযোগ থাকলে আমরা সেই কমিশনে যাব। কমিশন তাদের জবাবদিহির আওতায় আনবে।’
অনলাইনের খসড়া নীতিমালা পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে
প্রশ্নোত্তর পর্বে মোহাম্মদ ইলিয়াছের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সম্প্রচার নীতিমালায় নৈতিকতা, জাতীয় নিরাপত্তা ও নাগরিকের অধিকার সমুন্নত রাখতে অধিকতর দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে সম্প্রচারমাধ্যমগুলোকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রী আরও বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালা জনগণের স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করবে না।
মুহিবুর রহমানের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, অনলাইন পত্রিকা প্রকাশের জন্য একটি খসড়া নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এ-সম্পর্কিত কমিটি নীতিমালাটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে।
সালমা ইসলামের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, নর্থ-ওয়েস্ট ফার্টিলাইজার প্রকল্পটি অনুমোদিত হলে তা পাঁচ বছরের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে। ইউরিয়া সার কারখানা ও পলাশ ইউরিয়া সার কারখানার খালি জায়গায় উচ্চক্ষমতাসম্পন্ন একটি ইউরিয়া সার কারখানা স্থাপনের জন্য প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে।
ফাহমী গোলন্দাজ বাবেলের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বর্তমানের দেশে গ্যাসের চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় আপাতত নতুন করে গ্যাসসংযোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই।
দিদারুল আলমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, গত অর্থবছরে জাহাজভাঙা শিল্প থেকে ৫২০ কোটি ৭৯ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। তার আগের বছরে আদায় হয়েছে ৬১৮ কোটি টাকা।
প্রশ্নোত্তরের আগে বিকেল পাঁচটার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।